ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘন কুয়াশার কারণে মাওয়া-চর জানাজাত, পাটুরিয়া-দৌলতদিয়া ও কাওড়াকান্দি-মাওয়া নৌপথে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে তৈরি হয় দীর্ঘ যানজট।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর -
মুন্সীগঞ্জ: ঘন কুয়াশায় মাওয়া-চর জানাজাত নৌপথে বুধবার রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে তীব্র যানজট তৈরি হয়। মাওয়া ঘাটে যানজট কিছুটা কম হলেও চরজানাজাত ঘাটে দীর্ঘ যানজট দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক আশিকুজ্জামান জানান, ঘন কুয়াশার কারণে রাতে ৬টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। বৃহস্পতিবার সকাল ১১ টার পর কুয়াশা কমে এলে আবার ফেরি চলাচল শুরু হয়।
যে ছয়টি ফেরি নদীতে আটকা পড়ে সেগুলো হল- রায়পুরা, কাকলী, ভাষা শহীদ বরকত, শাহ আলী, রানীগঞ্জ ও করবী।
মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার ভোর থেকে ৪ ঘণ্টা ফেরি ও লঞ্চ পারাপার বন্ধ ছিল। এ সময় পাটুরিয়া ঘাটে তিনটি ও দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি প্রায় দুই হাজার যাত্রী এবং দুই শতাধিক যানবহান নিয়ে নোঙ্গর করে থাকে। উভয় ঘাটে আটকা পড়ে প্রায় ৩ শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির স্থানীয় কার্যালয় জানায়, বুধবার রাত ১১টার পর থেকেই কুয়াশা বাড়তে থাকে। ভোর ৬টায় ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০টায় কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সাহা জানান, কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকায় ভোরের দিকে উভয় ঘাটে হালকা যানজটের সৃষ্টি হয়। তবে কুয়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল স্বাভাবিক হলে যানজট কেটে যায়।
মাদারীপুর: ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত কাওড়াকান্দি-মাওয়া নৌপথে ১০ ঘন্টা ফেরি চরাচল বন্ধ ছিল। এ সময় কাওড়াকান্দি ঘাটে তিন কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়।
বুধবার রাত ১০টায় কাওড়াকান্দি ফেরিঘাট থেকে করবী নামে একটি ফেরি মাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুদূর যাওয়ার পর ঘন কুয়াশার কারণে ডুবো চরে আটকা পড়ে সেটি। মাওয়া থেকে কাওড়াকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসা অপর দুটি ফেরিও ঘন কুয়াশার কারণে পদ্মা নদীতে নোঙর করতে বাধ্য হয়।
রাতে আর কোনো ফেরি চলাচল না করায় দক্ষিণ ও পশ্চিমাঞ্চল থেকে ছেড়ে আসা নৈশকোচ এবং পণ্যবাহী শতাধিক ট্রাক উভয় ঘাটে আটকা পড়ে। সকাল ৮টায় আবার ফেরি চলাচল শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯২০ ঘ.
bdnews24