২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতি মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলীর আত্মসমর্পণ

দুর্নীতির মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত চট্টগ্রাম ওয়াসার পলাতক প্রকৌশলী কাজী আবু তাহের বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 12:43 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দুর্নীতির মামলায় দণ্ডাদেশপ্রাপ্ত চট্টগ্রাম ওয়াসার পলাতক প্রকৌশলী কাজী আবু তাহের বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক এস এম সোলায়মান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আত্মসমর্পণের দিন থেকেই আসামির দণ্ড কার্যকর হবে। নগরীর পাঁচলাইশ এলাকায় ২০০০ সালে পিভিসি পাইপ লাইন বসানোর কাজে প্রায় ১৭ লাখ টাকা দুর্নীতির অভিযোগে করা মামলায় গত ২ ডিসেম্বর প্রকৌশলী কাজী আবু তাহেরসহ চার আসামির প্রত্যেককে তিনটি পৃথক ধারায় ৫ বছর করে মোট ১৫ বছর কারাদন্ড দেয়া হয়। (তবে তাদের সাজা একসঙ্গে কার্যকর হবে।) কারাদণ্ড ছাড়াও আদালত প্রত্যেককে চার লাখ ২৫ হাজার টাকা করে জরিমানা এবং সব স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওয়াসার প্রধান প্রকৌশলী শফিকুল ইসলামকে খালাস দেয়া। সাজাপ্রাপ্ত অপর আসামি ঠিকাদার ফারুক আহমেদ এখনো পলাতক। ২০০৪ সালের ১৭ জুন সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো (বর্তমানে দুর্নীতি দমন কমিশন) এর পরিদর্শক মবিনুল ইসলাম মামলাটি করেন। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৪০ ঘ.