২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক চরমপন্থী নিহত

বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরে বৃহস্পতিবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবুল হোসেন (৩৫) নামে চরমপন্থী দলের এক সদস্য নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 06:49 AM

Updated : 26 Aug 2022, 09:09 PM

বরিশাল, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুরে বৃহস্পতিবার ভোররাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' আবুল হোসেন (৩৫) নামে চরমপন্থী দলের এক সদস্য নিহত হয়েছেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হায়দার জানান, আবুল হোসেন সর্বহারা জিয়া গ্র"পের সদস্য। পুলিশের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টার দিকে তারা আগরপুরের একটি পানের বরজে অভিযান চালায়। সর্বহারা সদস্যরা সেখানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সর্বহারা সদস্যরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট ধরে চলা 'বন্দুকযুদ্ধে' ৫০ থেকে ৬০ রাউন্ড গোলাগুলি হয়। বাবুগঞ্জ থানার ওসি পুলিশের পক্ষ থেকে ২৩ রাউন্ড গুলি চালানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, বন্দুকযুদ্ধের এক পর্যায়ে সর্বহারা সদস্যরা পালিয়ে যায়। এরপর বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আবুল হোসেনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে সর্বহারাদের ফেলে যাওয়া একটি দেশি বন্দুক, দুটি কার্তুজ ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি। 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ হয়েছেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন, কনস্টবল লিয়াকত হোসেন ও শাহ আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২৪১ ঘ.