ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি নববর্ষকে ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কয়েকটি এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন রাস্তায় যানচলাচলে নিয়ন্ত্রণ করা হবে।
এতে জানানো হয়, ওই সময় গুলশান, বনানী ও বারিধারা এলাকায় গাড়ি নিয়ে প্রবেশের জন্য শুধু কাকলী ক্রসিং, ফিনিক্স ক্রসিং এবং নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে। "গুলশান ক্লাব ক্রসিং, ওয়ারলেস গেট ব্রিজ, শুটিং ক্লাব ব্রিজ, গুদারাঘাট ব্রিজ, জাতিসংঘ ব্রিজ ও শাহজাদপুর ব্রিজের অভ্যন্তরে গুলশান- ১ ও ২ নম্বর এবং এভিনিউ রোডের আশপাশের এলাকায় বসবাসকারীদের রাত ৮টার আগে নিজেদের গন্তব্যে পৌঁছানোর" অনুরোধ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, নীমতলী ও সরকারি কর্মচারী হাসপাতাল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কোনো যানবাহন যেতে পারবে না। তবে শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ও পুরোন হাইকোর্ট ক্রসিং খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীদের যানবাহনের ক্ষেত্রে অবশ্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
এইসব এলাকা থেকে বাইরে যাওয়ার সময় যে কোনো পথ ব্যবহার করা যাবে। এছাড়া, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি গাড়ি নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।
আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার ৩১ ডিসেম্বর রাতে ধর্মীয় বা সাংস্কৃতিক অনুভূতিতে আঘাত হানে এমন কর্মসূচি না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানান।
এদিকে, নববর্ষকে ঘিরে উর্দির পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার টেলিফোনে জানান, ইংরেজি নববর্ষকে ঘিরে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। গুলশান, বনানী, আশুলিয়া, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে বেশি গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।
৩১ ডিসেম্বর রাতে রাজধানীতে প্রায় তিন হাজার পোশাকধারী পুলিশ ও র্যাব মোতায়েন থাকবে বলে জানান নাইম আহমদ।
অন্যদিকে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলুর রহমান জানান, তাদের চারটি টিম রাজধানীর বিভিন্ন গেস্টহাউজ, হোটেল ও বারে তল্লাশি চালাচ্ছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২২৪৩ ঘ.
bdnews24