২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত

সাতক্ষীরা, গাজীপুর, বাগেরহাট ও মানিকগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরায় বাসচাপায় নিহত হন মোটর সাইকেলের তিন আরোহী। গাজীপুরে পৃথক দুর্ঘটনায় মারা যান চার জন এবং বাগেরহাটে রাস্তা পার হওয়ার সময় নিহত হন এক বৃদ্ধ। মানিকগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং চট্টগ্রামে প্রাইভেট কার ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 02:23 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা, গাজীপুর, বাগেরহাট ও মানিকগঞ্জে বুধবার সড়ক দুর্ঘটনায় নয় জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরায় বাসচাপায় নিহত হন মোটর সাইকেলের তিন আরোহী। গাজীপুরে পৃথক দুর্ঘটনায় মারা যান চার জন এবং বাগেরহাটে রাস্তা পার হওয়ার সময় নিহত হন এক বৃদ্ধ। মানিকগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত এবং চট্টগ্রামে প্রাইভেট কার ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। (আরও তথ্যসহ-১) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি ও চট্টগ্রাম অফিসের পাঠানো খবর। গাজীপুর: সদর উপজেলার কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বুধবার সকাল ৮টার দিকে গার্মেন্টস শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিন জন নিহত ও ২৬ জন আহত হন। নিহতদের মধ্যে দুই জন পথচারী এবং অপর জন বাস আরোহী। নিহতরা হলেন, আমিনুল ইসলাম (৫০), রিপন মিয়া (২২)। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। তারা বয়স আনুমানিক (৩৫)। দুর্ঘটনায় বাসের অধিকাংশ যাত্রীই আহত হয়েছেন। এর মধ্যে ২৬ জনকে গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পাঁচ জনকে পরে ঢাকায় পাঠানো হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকার রেনেসাঁ গার্মেন্টসের শ্রমিকদের নিয়ে বাসটি কারখানায় যাওয়ার পথে একটি সেতুতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ঠিক আগে সড়কের নিরাপত্তা পিলারের ওপর উল্টে যায়। পাশে গভীর খাদ থাকলেও পিলারের বাধায় খাদে পড়া থেকে রক্ষা পায় বাসটি। কাছাকাছি সময়ে একই মহাসড়কে নাওজোড় এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পথচারী (৪০) ঘটনাস্থলেই মারা যায় বলে পুলিশ জানায়। সাতক্ষীরা: শ্যামনগর-নূরনগর সড়কে বুধবার সকালে বাসচাপায় একটি মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শ্যামনগর উপজেলার সোমালিয়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক। তিনি জানান, শ্যামনগরগামী যাত্রীবাহী একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেলের দুই আরোহী মারা যান। তারা হলেন- শ্যামনগর উপজেলার চণ্ডিপুর গ্রামের সিরাজুল ইসলাম ও একই উপজেলার নুরনগর গ্রামের আব্দুল জলিল ঢালী। দুর্ঘটনায় গুরুতর আহত মোটর সাইকেল চালক শ্যামনগর উপজেলার বাঁধোঘাটা গ্রামের শাহীন গাজীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। বাসটি আটক করা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বাগেরহাট: বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের ফলতিতা বাজারের কাছে দ্রুতগামী বাসের চাপায় সুশীল কুমার বৈরাগী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ফকিরহাট থানার সহকারী উপ-পরিদর্শক কানু চন্দ্র বিশ্বাস বলেন, রাস্তা পার হবার সময় বনফুল পরিবহনের খুলনাগামী একটি বাস সুশীলকে চাপা দেয়। পুলিশ বাসটি আটক করেছে। তিনি জানান, সুশীল ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের কাথুলী গ্রামের মৃত অশ্বিনী কুমার বৈরাগীর ছেলে। নিহতের ছেলে বাসুদেব বৈরাগী ফকিরহাট থানায় মামলা করেছেন। মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের সুতিপাড়া বাসস্ট্যান্ডে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মামুন (১২) নামে এক শিশু নিহত ও ৩০ জন আহত হয়েছেন। ধামরাই থানার উপ-পরিদর্শক মিন্টু মোল্লা বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকাগামী জাকের পরিবহনের একটি বাসের সঙ্গে আরিচাগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসই পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় জাকের পরিবহনের যাত্রী মামুন ঘটনাস্থলেই মারা যায়। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম অফিস: জেলার পটিয়া উপজেলার গৈড়লার টেকে প্রাইভেট কার ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের যাত্রী একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন, নাসির চৌধুরী (৪২), তার স্ত্রী রোজী আক্তার (৩৫), মেয়ে কাশফিয়া (১৪) ও প্রেমা (৭) এবং রোজী আক্তারের ভাই মোহাম্মদ তুষার (২৫)। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানিয়েছে। পটিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আলী আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়া গৈড়লার টেকে দুপুর একটায় কক্সবাজারমুখী তেলবাহী লরির সঙ্গে শহরমুখী প্রাইভেট কারের মুখোমুখী সংঘর্ষে পাঁচজন আহত হন। তারা সবাই হাটহাজারী সদর এলাকার বাসিন্দা। প্রাইভেট কারটি কক্সবাজার থেকে হাটহাজারী যাচ্ছিল বলে আলী আশরাফ জানান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুজিবুর রহমান বলেন, বেলা দুপুর দুইটার দিকে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এমএআর/এমআই/এমএসবি/২০১০ ঘ.