গোপালগঞ্জ, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটালীপাড়া উপজেলার ঊনশিয়া গ্রাম ঘুরতে ঘুরতে নিজের শৈশব খুঁজে ফিরলেন পশ্চিমবঙ্গের গীতিকার লীলা চৌধুরী। ৬৫ বছর পর এলেন নিজের জন্মস্থানে।
'চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করিনিতো ভুল - আমি এক চুল, তুমি যে আমার..." গানের গীতিকার লীলার বয়স এখন ৮০। ২৩ ডিসেম্বর পশ্চিমবঙ্গ থেকে এসেছেন কোটালীপাড়ায়। নিজের গ্রাম ঊনশিয়াছাড়াও দেখতে গিয়েছিলেন শ্বশুরবাড়ি ডহর গ্রাম।
বুধবার কলকাতা ফিরে যাওয়ার সময় স্থানীয় সাংবাদিকদের লীলা চৌধুরী বলেন, "বাংলাদেশের মানুষের সঙ্গে আমার নাড়ীর টান রয়েছে। এদেশের প্রতিটি মানুষ খুবই আন্তরিক ও জীবন-ঘনিষ্ট। তাদের সান্নিধ্য পেয়ে শেষ জীবনে দেশের মাটিতে এসে আমি পরম আনন্দ উপভোগ করেছি। ব্যতিক্রমী কিছু অভিজ্ঞতা এদেশ থেকে বয়ে নিয়ে যাচ্ছি পশ্চিমবঙ্গে। যতদিন বেঁচে থাকব এ অভিজ্ঞতার আলোকে নতুন নতুন গান লিখব।"
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ঊনশিয়া গ্রামে কবি সুকান্তেরও পৈত্রিক ভিটা রয়েছে। সেখানে সুকান্তের স্মৃতি বাঁচিয়ে রাখা দরকার। কোটালীপাড়াবাসী এ ব্যাপারে এগিয়ে আসবেন বলে আশা করি।"
তিনি বলেন, "বাংলাদেশে আসতে পেরে আমার অত্যন্ত ভালো লাগছে। বাংলাদেশ আমার কাছে তীর্থভূমি। বাংলা সংস্কৃতি অত্যন্ত ভালো। এ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে।"
নিজের গ্রামে এসে শৈশব এবং কৈশরের বিভিন্ন ঘটনার স্মৃতিচারণ করেছেন লীলা। বলেছেন তার মা-বাবা, ভাই-বোন, কাকা-কাকিসহ প্রতিবেশীদের কথা। তার শ্বশুরবাড়ি ডহরপাড়া গ্রামের সম্ভ্রান্ত জমিদারদের স্মৃতিচারণও করেন তিনি।
১৯৪৩ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে কোটালীপাড়া থেকে পশ্চিমবঙ্গে পাড়ি জমান। সেখানেই গীতিকার মোহিনী চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। ১৯৮৭ সালে মারা যান তাঁর স্বামী।
গীত-সঙ্গীত, ঈশ্বর-পরমেশ্বর, নাঁচ নাগিনী নাঁচরে, মেঝ-বৌ, বড়-বৌ, সেঝ-বৌ, লোফার, নিয়তি, রাখি-পূর্ণিমা, বাঙালী-বাবু, জীবন নিয়ে খেলা, চন্দ্রমল্লিকাসহ অসংখ্য জনপ্রিয় ছবির গান লিখেছেন তিনি।
পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত দৈনিক, সাপ্তাহিক ও পাক্ষিক পত্রিকায় কবিতা ও নিয়মিত কলাম লেখেন লীলা চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/ এমএসবি/১৯৫০ ঘ.
bdnews24