২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গবেষণাপত্র চুরির অভিযোগ রাবির পাঁচ শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগ

গবেষণাপত্র চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন যশোর জেলা শহরের রেলগেট এলাকার বাসিন্দা সৈয়দ আশরাফুল ফেরদৌস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

যশোর, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গবেষণাপত্র চুরির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন যশোর জেলা শহরের রেলগেট এলাকার বাসিন্দা সৈয়দ আশরাফুল ফেরদৌস। যশোর বিচার বিভাগীয় মুখ্য হাকিমের আদালতে গত ১৯ ডিসেম্বর অভিযোগটি দায়ের করা হয়। ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান অভিযাগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। অভিযুক্তরা হলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানুল ইসলাম ও অধ্যাপক শফিকুল আলম, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদ হোসেন, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নুরুল আমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সী জহুরুল হক। আশরাফুল ফেরদৌস মঙ্গলবার সাংবাদিকদের জানান, ২০০০ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূ-তত্ত্ব ও খনি বিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওই সময় তিনি দারিদ্র্য বিমোচন সংক্রান্ত একটি গবেষণাপত্র তৈরি করেন এবং বিষয়টি ওই পাঁচ শিক্ষককে জানান। ফেরদৌস অভিযোগ করেন, ২০০৬ সালের ২ জানুয়ারি অভিযুক্তরা তার বাসায় এসে গবেষণাপত্র দেখতে চান। ওই সময় তারা কৌশলে এটি চুরি করে নিয়ে যায়। পরে গবেষণা পত্রটি ফেরত চাইলে ওই বছর ৮ ফেব্র"য়ারি অভিযুক্তরা তার ওপর নির্যাতন চালায়। ওই ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় বলে ফেরদৌস জানান। তিনি বলেন, অভিযুক্ত ওই পাঁচ শিক্ষকের বাড়ি যশোরের ঘোপ সেন্ট্রাল রোড ও ছাতিয়ান তলায়। তারা ছাত্রজীবনে তার সহপাঠী ছিলেন। বিষয়টি নিয়ে যোগায়োগ করা হলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন মঙ্গলবার সাংবাদিকদের বলেন, অভিযোগটি এখন পর্যন্ত আদালত থেকে থানায় পৌঁছায়নি। থানায় এলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/২১৫২ ঘ.