ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফ্রান্সে পাঠানোর জন্য জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া পুরাকীর্তির দ্বিতীয় চালানের ১৩টি কার্টনের মধ্যে ১২টি মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ফিরিয়ে আনা হয়েছে।
এদিকে পুলিশ ও র্যাব বলছে, কোনো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই ফ্রান্সের গিমে জাদুঘরে প্রদর্শনের জন্য পুরাকীর্তির দ্বিতীয় চালানটি বিমানবন্দরে নেওয়া হয়েছিল। সাধারণ মালামালের মতোই সেগুলো এয়ার ফ্রান্সের কার্গো বিমানে তুলে দেওয়া হয়।
গত শনিবার একটি কার্টনের ২টি বিষ্ণুমূর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ার পর মঙ্গলবার বাকি পুরাকীর্তিগুলো ফ্রান্সে না পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুরিয়ার সংস্থা হোমবাউন্ডের কাভার্ড ভ্যানে করে পুরাকীর্তির ১২টি কার্টন জাতীয় জাদুঘরে ফিরিয়ে নেওয়া হয়েছে।
তিনি জানান, সকাল ১০টার দিকে সংস্কৃতি মন্ত্রণালয়, জাদুঘর ও হোমবাউন্ডের কর্মকর্তারা বিমানবন্দরে যান। তারা ১২টি কার্টন খুলে প্রায় ৮ ঘণ্টা ধরে পুরাকীর্তিগুলো পরীক্ষা করেন। তাদের অনুমোদন পাওয়ার পর কার্টনগুলো হোমবাউন্ডের কাভার্ড ভ্যানে তোলা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ পাহারায় সেগুলো জাদুঘরে নিয়ে যাওয়া হয়।
শাহবাগ থানার উপপুলিশ পরিদর্শক মো. সুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাভার্ড ভ্যানটি জাতীয় জাদুঘরে পৌঁছায়। এরপর পুলিশ পাহারায় কার্টনগুলো জাদুঘরের ভেতরে নিয়ে যাওয়া হয়।
এর আগে সকালে দ্বিতীয় চালানের বাক্সগুলো জাতীয় জাদুঘরে ফেরত আনার জন্য বিমান বন্দরে একটি চিঠি পাঠায় সংস্কৃতি মন্ত্রণালয়। ওই চিঠিতে বলা হয়, 'অনিবার্য কারণে' পুরাকীর্তিগুলো ফ্রান্সে পাঠানোর বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে।
দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত পুরাকীর্তির দ্বিতীয় চালানটি ফ্রান্সে না পাঠানোর সিদ্ধান্ত হয়।
প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ওই বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন এক কমিটি করা হয়। কমিটিকে পুরাকীর্তি পাঠানো সংক্রান্ত পুরো ঘটনার বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, শেষ পর্যন্ত 'জনগণের সেন্টিমেন্টের' কথা বিবেচনায় করেই সরকার এ সিদ্ধান্ত নেয়। বিষয়টি গিমে জাদুঘর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়ার ব্যাপারেও বৈঠকে আলোচনা হয়েছে।
এদিকে উপপুলিশ কমিশনার (উত্তরা) খন্দকার রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে এসব মূল্যবান সম্পদ বিশেষ ব্যবস্থায় নেওয়া হচ্ছিল না। এ ব্যাপারে পুলিশের কাছে বিশেষ কোনো নির্দেশও ছিল না।
র্যাবের মহাপরিচালক খন্দকার হাসান মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, পুলিশের সহযোগী সংস্থা হিসাবে র্যাব এ ব্যাপারে তদন্ত করছে। তিনি জানান, প্রথম চালানটি পাঠানোর সময় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হলেও দ্বিতীয় চালানটি পাঠানোর সময় র্যাবের কাছে নিরাপত্তা চাওয়া হয়নি।
তিনি জানান, কার গাফিলতিতে এই চুরির ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা চলছে। খুব শিগগিরই এ রহস্যের সমাধান করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পুরাকীর্তি খোয়া যাওয়ার বিষয়ে দায়ের করা মামলা তদন্তের সঙ্গে সম্পৃক্ত বিমানবন্দর থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, এয়ার ফ্রান্সের যে কার্গো বিমানে করে পুরাকীর্তিগুলো নেওয়া হচ্ছিল তাতে তৈরি পোশাকসহ আরো অনেক মালামাল ছিল। ওইসব মালামালের মতোই সাধারণভাবে পুরাকীর্তিগুলো বিমানে তোলা হয়। বাক্সের গায়ে 'বিশেষ ব্যবস্থায়' বা 'গুরুত্বপূর্ণ সম্পদ' জাতীয় কোনো সতর্কবাণীও লেখা ছিল না।
উপপুলিশ কমিশনার খন্দকার রফিকুল জানান, মামলার তদন্তে নতুন কোনো অগ্রগতি হয়নি। যে ১৫ জনকে ৫দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।
ঢাকার মহানগর মুখ্য হাকিম আদালত মঙ্গলবার ওই ১৫ জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেয়।
এর আগে গত শুক্রবার 'হোমবাউন্ড কুরিয়ার সার্ভিস'এর চারটি ট্রাকে করে ১৩টি কার্টনে মোট ১৪৫টি পুরাকীর্তি বিমানবন্দরে নেওয়া হয়। শনিবার বিমানে ওঠানোর সময় একটি কার্টনে থাকা দুটি বিষ্ণু মূর্তি খোয়া যাওয়ার বিষয়টি ধরা পড়ে। গত ৩০ নভেম্বর প্রথম চালানে ৪২টি পুরাকীর্তি গিমে জাদুঘরে প্রদর্শনের জন্য ফ্রান্সে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/এমএইচবি/২৩৪১ ঘ.
bdnews24