ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেলীকান্দি গ্রামে নূরজাহান বেগম (২২) নামের এক গৃহবধু সোমবার রাতে আগুনে পুড়ে মারা গেছে। তার বাবার অভিযোগ, শ্বশুর বাড়ির লোকজন নূরজাহানকে পুড়িয়ে মেরেছে।
খবর পেয়ে পুলিশ মঙ্গলবার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখলাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নূরজাহানকে পুড়িয়ে মারা হয়েছে, নাকি অসতর্কতাবশত অগ্নিদগ্ধ হয়ে তিনি মারা গেছেন তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।"
ঘটনার পর থেকে নূরজাহানের স্বামী ইয়াসিনসহ পরিবারের সবাই পলাতক রয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক আবু দাউদ।
এদিকে নূরজাহানের বাবা সাজু মিয়া সাংবাদিকদের বলেন, "আমার মেয়েকে তার স্বামীর বাড়ির লোকজন পিটিয়ে জখম করে এবং আগুনে পুড়িয়ে মেরেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০১৭ ঘ.
bdnews24