চট্টগ্রাম, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রান্সে পাঠানোর সময় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুরাকীর্তি খোয়া যাওয়ার প্রতিবাদে চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার বিকালে চট্টগ্রাম শহীদ মিনারে ওই মানবন্ধন হয়। এ সময় সংস্কৃতিকর্মীরা প্রতিবাদ সভা করতে গেলে পুলিশ বাধা দেয়।
মানববন্ধনে সংস্কৃতিকর্মী ছাড়াও চট্টগ্রামের সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ দেড় শতাধিক ব্যক্তি অংশ নেয়।
এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, শহীদজায়া বেগম মুশতারী শফী, কবি ও সাংবাদিক আবুল মোমেন, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক গাজী সালেহ উদ্দীন, বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন, অধ্যাপক নাজলী লায়লা মনসুর, ড. জিনবোধি ভিক্ষু, কবি ও সাংবাদিক ওমর কায়সার, অধ্যাপক হোসাইন কবীর, কবি কামরুল হাসান বাদল, শাহরিয়ার খালেদ, রাশেদ হাসান।
মানববন্ধনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে মুশতারী শফী বলেন, "বিমান বন্দরের নিরাপত্তা বেষ্টনী থেকে পুরাকীর্তি চুরি হয়ে যাওয়া রহস্যজনক। পুরাকীর্তি পাচার ও চুরি করার মাধ্যমে আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ধ্বংস করার চেষ্টা চলছে।"
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণেই বিমানবন্দরের কঠোর নিরাপত্তা বেষ্টনী থেকে পুরাকীর্তি দুটি খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি।
মুশতারী শফী ফ্রান্সে পাঠানো সব পুরাকীর্তি ফেরত আনতে সরকারের প্রতি আহ্বান জানান এবং চুরির ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সংস্কৃতিকর্মীদের সমাবেশ করতে না দেওয়ার বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জরুরি অবস্থায় আগে থেকে অনুমতি না নেওয়ায় তাদের সেখানে সমাবেশ করতে দেওয়া হয়নি।"
সমাবেশ করতে না দেওয়াকে দুঃখজনক উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক আবুল মনসুর বলেন, "আমরা এখানে দেশের সম্পদ রক্ষার জন্য একত্র হয়েছি, কোনো দেশদ্রোহী কাজ করতে নয়।"
সমাবেশ করতে বাধা দিয়ে নাগরিক অধিকার হরণ করা হয়েছে বলে মন্তব্য করেন অধ্যাপক মনসুর।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এমআই/এমএইচবি/১৯৩২ ঘ.
bdnews24