২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষের কোলাহলে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত

ছুটি কাটাতে আর বেড়াতে আসা মানুষের কোলাহলে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের দিন থেকেই কক্সবাজারে আসতে শুরু করেন পর্যটকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 03:16 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

কক্সবাজার, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছুটি কাটাতে আর বেড়াতে আসা মানুষের কোলাহলে মুখরিত কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের দিন থেকেই কক্সবাজারে আসতে শুরু করেন পর্যটকরা। প্রতিবছরই দুই ঈদে দেশের নানাপ্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে ছুটে আসেন ছুটি কাটাতে। এবারের কোববানির ঈদেও তার ব্যতিক্রম হয়নি। কেউ কেউ ঈদের আগের রাতেই এখানে এসে পৌছান। কক্সবাজার হোটেল মিডিয়া ইন্টারন্যাশনালের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তার হোটেলের ১১০টি কক্ষই অগ্রিম বুকিং হয়ে আছে। হোটেল সুগন্ধা লিমিটেডের ম্যানেজার রহমত উল্লাহ জানান, তাদের হোটেলে ৪৫টি কক্ষ আছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কোন কক্ষ খালি নেই। কক্সবাজার গেষ্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাসেম সিকদার জানান, তিনি খুবই আনন্দিত। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিডরের পর কক্সবাজারের পর্যটন শিল্প থমকে গিয়েছিল। কোরবানির ঈদের পর থেকে আবার জমতে শুরু করেছে। তিনি আরও বলেন, "শহরের কলাতলী আবাসিক গেষ্ট হাউস জোন এলাকায় ৪২টি গেষ্ট হাউস রযেছে। তার মতে, কক্সবাজারের ১১৪টি আবাসিক হোটেল, মোটেল ও গেষ্ট হাউস এখন পর্যটকে পূর্ণ।" এখানকার হোটেলগুলোতে বর্তমানে ৪২ হাজার পর্যটক অবস্থান করছেন বলেও জানান তিনি। কক্সবাজার সৈকতের এক ব্যবসায়ী হাসান উল্লাহ জানান, গতকাল একদিনেই কক্সবাজার সমুদ্র সৈকতে এক লাখের বেশি পর্যটক ভিড় করেছে। আবাসিক হোটেল ও মোটেলগুলোর পাশাপাশি বহু পর্যটক স্থানীয় পরিচিত জনের বাড়িতেও উঠেছেন। সমুদ্র সৈকতে কর্মরত ইয়াসির লাইফ গার্ডের পরিচালক কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিবছর ঈদ আসলেই কক্সবাজারে মানুষের ভিড় লাগে। এবার লক্ষাধিক পর্যটক কক্সবাজারে ভিড় করেছেন বলে তিনিও মনে করেন। ঢাকার ধানমণ্ডি থেকে বেড়াতে আসা মুশফিকুর রহমান ও তার স্ত্রী তানিয়া রহমান বলেন, ঈদের ছুটি কাটাতে কক্সবাজার এসেছেন তারা। গত বছর রমজানের ঈদের পর কক্সবাজার এসেছিলেন। সেবারও হাজার হাজার মানুষের এই সমাগম দেখে আবারও কক্সবাজার আসতে মন চেয়েছে। ঢাকার মিরপুর থেকে আবদুর রহমান তার ১৭ সদস্যের পুরো পরিবার নিয়ে কক্সবাজার এসেছেন। তিনি জানান, ঈদের ছুটিতে কক্সবাজারে যে এতো মানুষের সমাগম হয় তার জানা ছিল না। তিনি সমুদ্র আর এত মানুষ দেখে অভিভূত। তবে তিনি বলেন, কক্সবাজারে আবাসিক ও খাওয়ার হোটেলগুলোতে দাম অত্যন্ত বেশি। তিনি শুনেছেন, পর্যটন ও ঈদ মৌসুম আসলেই হোটেল মালিকরা দাম বাড়িয়ে দেন। এদিকে কক্সবাজার সী-বিচ হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি শাহআলম চৌধুরী ও হোটেল প্যানোয়ার পরিচালক আলহাজ্ব আলী হাসান চৌধুরী জানান, "কক্সবাজারে মাষ্টার প্ল্যান অনুযায়ী পর্যটন স্থাপনাগুলো গড়ে ওঠেনি। পরিকল্পিতভাবে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হলে কক্সবাজারে এক সাথে কয়েক লাখ পর্যটক অবস্থান করতে পারতেন।" কক্সবাজারে এস.আলম বাস সার্ভিসের পরিচালক শাহআলম জানান, রোববার ঢাকা ও চট্টগ্রামসহ নানা প্রান্ত থেকে আসা বিরতিহীন কোচ সার্ভিস এস.আলম, সৌদিয়া, ইউনিক, শ্যামলী, গ্রীনলাইন, সিল্ক লাইন, নেপচুন প্রভৃৃতি সার্ভিসসহ বিভিন্ন পরিবহন সংস্থার দুই শতাধিক পর্যটকবাহী বাস এখানে অবস্থান করছে। এছাড়াও শহরে দেখা মিলছে মাইক্রোবাসের দীর্ঘ সারি। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেন জানান, আগত বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা দিতে পুলিশ প্রশাসন ১০০ সদস্যের ২০টি দলকে নিয়োজিত রেখেছে। ২০টি দলের মধ্যে ৪টি দল রয়েছে সাদা পোশাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১০ ঘ.