ফরিদপুর, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চার জন মারা গেছেন। আহত হয়েছেন ২৫ জন। এর মধ্যে নীলফামারীর সৈয়দপুর টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মারা গেছেন সাইকেল আরোহী মামা ও তার ভাগ্নি। ফরিদপুরে পৃথক ঘটনায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এবং ট্রাকের ধাক্কায় দুজন নিহত হন।
আমাদের নীলফামারী প্রতিনিধি জানান, রোববার দুপুরে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী মামা-ভাগ্নির মৃত্যু হয়েছে। এরা হলেন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নের পুর্ব বেলপুকুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে বিদ্যুৎ (২১) ও তার ভাগ্নি মিতু (৭)।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান জানান, বিদ্যুৎ তার ভাগ্নি মিতুকে নিয়ে সাইকেলে চড়ে সৈয়দপুর শহর থেকে বাড়ী ফিরছিলেন। দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি যাত্রীবাহী বাস টার্মিনাল এলাকায় সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
ফরিদপুর প্রতিনিধি জানান, জেলার বোয়ালমারী ও মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। নিহতদের নাম বীথি (১৪) ও শামসুদ্দিন মোল্লা (৬৬)।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. কবীর জানান, রোববার দুপুরে বনমালিপুর কামারবাড়ি সেতুর ওপর থেকে ব্যাসপুর থেকে ফরিদপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ঘটনাস্থলে একজন মারা যান। আহতদের বোয়ালমারী, আফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিউর রহমান জানান, শনিবার সন্ধ্যায় জেলার মধুখালিতে একটি ট্রাক একটি সাইকেলকে ধাক্কা দিলে সাইকেল আরোহী শামসুদ্দিন মোল্লা গুরুতর আহত হন। তাকে ঢাকার মিলেনিয়াম হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে তিনি মারা যান। শামসুদ্দীন মোল্লা স্থানীয় কোড়কদী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
নাজিউর রহমান জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/২০৩৮ ঘ.
bdnews24