২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ত্রাণ দেয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

বাগেরহাটের মোরেলগঞ্জে সিডর দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণের নামে ছবি তুলে টাকা আদায় করার সময় তিন প্রতারক গ্রেপ্তার হয়েছে। শনিবার বিকালে স্থানীরা মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের শনির জোড় গ্রাম থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করে। প্রতারকদের কাছ থেকে একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

বাগেরহাট, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাটের মোরেলগঞ্জে সিডর দুর্গতদের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণের নামে ছবি তুলে টাকা আদায় করার সময় তিন প্রতারক গ্রেপ্তার হয়েছে। শনিবার বিকালে স্থানীরা মোরেলগঞ্জের বহরবুনিয়া ইউনিয়নের শনির জোড় গ্রাম থেকে তাদের আটক করে থানায় সোপর্দ করে। প্রতারকদের কাছ থেকে একটি ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়। রোববার তিন জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আটক তিনজন হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের সঞ্জয় হালদার দিপু (২৬), বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া গ্রামের জাফর হোসেন মৃধা (২২) ও একই উপজেলর যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মোসাম্মাৎ মুসলিমা আক্তার (২৫)। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, প্রতারকরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা ওই এলাকায় ত্রাণ দেয়ার নামে ৬০০ লোকের নাম তালিকাভুক্ত করে এবং ছবি তোলা ও কার্ড দেয়ার অজুহাতে জনপ্রতি ৭০ টাকা করে নিয়েছেন। এদের মধ্যে প্রধান পরিকল্পনাকারী সঞ্জয় এর আগে ফকিরহাট উপজেলায় দর্জি প্রশিক্ষণের নামে একই ধরণের প্রতারণার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোল্লা আব্দুল জব্বার জানান, আটককৃতদের সঙ্গে রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের কোন সম্পর্ক নেই। তারা এই প্রতিষ্ঠানের কোন প্রকার সদস্য বা স্বেচ্ছাসেবক নন। এদিকে রেড ক্রিসেন্ট সোসাইটি বাগেরহাট ইউনিটের সাধারণ সম্পাদক দিদারুল আলম বাবুল জানান, বহরবুনিয়া ইউনিয়নে প্রতারক চক্রের তৎপরতার খবর পেয়ে তারা রেড ক্রিসেন্ট বাগেরহাট ইউনিটের যুব প্রধান লিয়াকত আলীকে ঘটনা তদন্ত এবং প্রতারক চক্রকে শনাক্ত করতে মোরেলগঞ্জ পাঠান। লিয়াকত এলাকাবাসীর সহায়তায় আটককৃতদের স্থানীয় সেনাক্যাম্পে নিয়ে যেতে চাইলে বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান বাবুল তাকে বাধা দেন ও দুর্ব্যবহার করেন। এক পর্যায়ে তিনি লিয়াকতসহ প্রতারকদের মোরেলগঞ্জ থানায় নিয়ে লিয়াকতকে প্রতারকদের সঙ্গে মামলায় আসামি করার অপচেষ্টা চালান। পরে বাগেরহাট জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপে শনিবার গভীর রাতে লিয়াকত থানা থেকে ছাড়া পান। বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেড ক্রিসেন্টের যুব প্রধান লিয়াকতকে মামলায় জড়ানোর চেষ্টার অভিযোগ অস্বীকার করে বলেন, লিয়াকত এলাকায় এসে দুর্ব্যবহার করেছিল। পরে সে তার ভুল বুঝতে পারলে বিষয়টি মিটমাট হয়ে যায়। তবে ঘটনার শিকার লিয়াকত বলেন, স্থানীয় সেনা ক্যাম্পের এক কর্মকর্তার ফোন পেয়ে তিনি প্রতারকদের সেখানে নিয়ে যেতে চাইলে ক্ষিপ্ত চেয়ারম্যান তাকে মামলায় জড়ানোর চেষ্টা ও হয়রানি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৪৮ ঘ.