২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ট্রেনের ছাদ থেকে পড়ে ছয় যাত্রীর মৃত্যু

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বৃহস্পতিবার কেড়াঙ্গা ব্রিজের রেলিংয়ের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পানিতে পড়ে ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাজীপুর থেকে সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেসের বাড়ি ফেরার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 09:17 AM

Updated : 26 Aug 2022, 09:08 PM

পাবনা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বৃহস্পতিবার কেড়াঙ্গা ব্রিজের রেলিংয়ের ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পানিতে পড়ে ছয় যাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সাজীপুর থেকে সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেসের বাড়ি ফেরার সময় তারা এ দুর্ঘটনার শিকার হন। ঈশ্বরদী রেল পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঈদের আগের দিন প্রায় ২'শ নির্মাণ শ্রমিক সাজীপুর থেকে সৈয়দপুরগামী নীলসাগর এক্সপ্রেসের ছাদে উঠে। বসার জায়গা না পেয়ে তারা দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৩টার দিকে পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈডাঙ্গা ব্রীজের কাছে পৌঁছালে ব্রিজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে ৩০ থেকে ৪০ জন যাত্রী নদীতে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নওঁগা জেলার শান্তাহার এলাকার দুলাল হোসেন (৪০) মারা যান। আহত হন ১২ জন। পানিতে পড়ে প্রায় ১৫ যাত্রী নিখোঁজ হন। পরদিন (ঈদের দিন) পাবনার দমকল কর্মী, স্থানীয় জেলে ও রেল কর্মীরা পাঁচটি লাশ উদ্ধার করে তাদের আত্মীয় স্বজনের কাছে হস্তান্তর করে। নিহতরা হলেন নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার সাজেদুল হক (৩২), মুক্তার হোসেন (২৩), আব্দুর রাজ্জাক (২০), আব্দুল মান্নান (৩০) ও আবু বক্কার (৩২)। এরা সবাই গাজীপুরের একটি কারখানায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। তারা ঈদ করতে বাড়ি ফিরছিলেন। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫১২ ঘ.