২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ঈদের দিন সিএমএম আদালতে কোনো শুনানি হয়নি

ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ঈদের দিনে কোনো নিয়মিত মামলায় শুনানি হয়নি। মুখ্য মহানগর হাকিমের একটি মাত্র আদালত খোলা ছিল। যদিও এর আগে সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে দুটি কোর্ট বসত। এ আদালতের হাকিম আবদুল্লাহ আল মামুন শুক্রবার দুপুর আড়াইটায় আদালতের খাস কামরায় বসে মামলাগুলোর রোববার শুনানির দিন ধার্য করেন এবং সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2007, 05:05 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে ঈদের দিনে কোনো নিয়মিত মামলায় শুনানি হয়নি। মুখ্য মহানগর হাকিমের একটি মাত্র আদালত খোলা ছিল। যদিও এর আগে সাপ্তাহিক ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতে দুটি কোর্ট বসত। এ আদালতের হাকিম আবদুল্লাহ আল মামুন শুক্রবার দুপুর আড়াইটায় আদালতের খাস কামরায় বসে মামলাগুলোর রোববার শুনানির দিন ধার্য করেন এবং সব আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালত সূত্র জানায়, শুক্রবার ঢাকা মহানগরীর ৩৩টি থানার মধ্যে ১৫টি থানা ও গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা ৬৪ আসামিকে মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতে আনা হয়েছিল। মামলার রিমান্ড বাতিল ও জামিন সংক্রান্ত শুনানি না হলেও ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের আওতায় ছোটখাটো (পাঁচ আনি মামলা) অভিযোগের পাঁচ আসামিকে জরিমানা করে ছেড়ে দেন হাকিম আবদুল্লাহ আল মামুন। শুক্রবার শুনানি না হওয়ায় জামিন চাইতে আসা আসামিদের আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেছেন। অ্যাডভোকেট মো. আমিনুর রহমান চৌধুরী টিকু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আমাদের মক্কেলের পক্ষে শুনানি করতে না পারায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। অথচ যখন বিচার বিভাগ যখন স্বাধীন ছিল না, তখনও ঈদের দিনে শুনানি নেওয়া হতো।'' তিনি এসেছিলেন কাফরুল থানায় চুরির মামলায় গ্রেপ্তার মো. রতন নামে এক ব্যক্তির শুনানিতে অংশ নিতে। আমিনুর রহমান জানান, তার মক্কেলকে একদিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে আনা হয়। কিন্তু শুনানির সুযোগ না দিয়েই তাকে কারাগারে পাঠানো হয়েছে। রতনের বাবা নুরুল ইসলাম এসেছেন কিশোরগঞ্জের কটিয়াদির ধুল্লাবাজার কুতুবপুর থেকে। তার মতে, ''আগের দিনগুলোতে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বী হাকিমদের দিয়ে ঈদের দিনে জরুরি মামলাগুলোর শুনানি হতো। কিন্তু এখন এসব আদালতে কর্মরত হাকিমদের মধ্যে অন্যধর্মের কেউ নেই বলে এ সমস্যা হচ্ছে।" মতিঝিল থানার দু'টি চাঁদাবাজি মামলার তিন আসামির জামিন চাইতে আসেন অ্যাডভোকেট ফিরোজুর রহমান মন্টু। তার মক্কেল মতিঝিলের কাজী আহসান উল্লাহ, মতিঝিল টিএণ্ডটি কলোনির আলমগীর হোসেন ও শরীফুল ইসলামকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। অ্যডভোকেট জি এম সিদ্দিকুর রহমান ছিনতাই মামলার সন্দেহভাজন আসামি, ঢাকার নবাবগঞ্জের মহম্মদ আলীর জামিন চাইতে এসে শুনানি না হওয়ায় হতাশ হয়ে ফিরে গেছেন। আরেক অ্যডভোকেট, অনিমেষ দাস এসেছিলেন ইলেক্ট্রিক ট্রন্সফমরমার চুরির অভিযোগে বাড্ডা থানার একটি মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার নূর হোসেনের জামিন চাইতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "যেহেতু এ মামলায় আমার মক্কেলকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেনি তাই তিনি জামিন পেতেন।" ভাই মাসুদের জামিন হবে এই আশায় কোরানিগঞ্জের বটতলী থেকে এসেছিলেন আবুল হাসেম। মাসুদ জাল কাগজ ও নকল পাসপোর্টে আবুধাবী যাওয়ার চেষ্টার অভিযোগে বিমানবন্দর থানায় আটক আছেন। কিন্তু ব্যর্থমনোরথ হয়ে আর সবার মতো তিনিও ফেরত গেছেন। এদিন ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে আনা হয়েছিল মাত্র এক আসামিকে। শিশু অপহরণের অভিযোগে কেরানিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় মো. মতিনকে গ্রেপ্তার করা হয়। তাকেও শুনানি ছাড়া কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/ডিডি/এমএইচবি/২২৫০ ঘ.