ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় দৈনিক সংবাদের বার্তা পরিবেশক ও বন্ধ হয়ে যাওয়া টিভি চ্যানেল সিএসবির রাজশাহী প্রতিনিধি জাহাঙ্গীর আলম আকাশের বিচার প্রক্রিয়া নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছে নিউ ইয়র্কভিত্তিক গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।
এ উদ্বেগের কথা জানিয়ে গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দীন আহম্মেদের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
সিপিজে এর নির্বাহী পরিচালক জোয়েল সিমন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, "বাংলা দৈনিক 'সংবাদ' এর রাজশাহী প্রতিনিধি জাহাঙ্গীর আলম আকাশের বিরুদ্ধে সামনের বিচার প্রক্রিয়া নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। কিন্তু আমাদের বিশ্বাস, অনুসন্ধানী প্রতিবেদনের কারণেই তিনি মহলবিশেষের লক্ষ্যে পরিণত হয়েছেন। আমরা তার স্বাস্থ্যের বিষয়েও অত্যন্ত উদ্বিগ্ন।"
পুঠিয়া থানায় একটি চাঁদাবাজির মামলার পরিপ্রেক্ষিতে গত ২৩ সেপ্টেম্বর রাজশাহী নগরীর উপ-শহরের বাসা থেকে আকাশকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।
পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আব্দুল জলিল নামে একজনের দায়ের করা মামলার এজাহারে বলা হয়, বাদীর ছেলের বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ২০০২ সালের ২৭ এপ্রিল আকাশ বাদীর কাছে এক লাখ টাকা দাবি করেন। ওই সময় বাদি ৩০ হাজার টাকা দেন। বাকি টাকার জন্য ২০০৩ সালের ২৯ জানুয়ারি বাদীকে দেখে নেয়ার হুমকি দেন আকাশ।
এর আগে গত ২০ জুন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল হক লোটন বোয়ালিয়া থানায় আকাশের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।
সিপেজে এর চিঠিতে আব্দুল জলিলের মামলার বিষয়ে কিছু বলা হয়নি। এতে লোটনের মামলার প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, "প্রভাবশালী এক স্থানীয় ঠিকাদার মাহফুজুল হক লোটন তার (আকাশ) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনেছেন। আকাশ এর আগে লোটনের পরিবার ও তার ব্যবসা নিয়ে প্রতিবেদন লিখেছেন।"
গ্রেপ্তারের পর আকাশের ওপর নির্যাতন চালানো হয় অভিযোগ করে চিঠিতে বলা হয়, "গ্রেপ্তারের কিছুদিন পরই আঘাতজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখনও তার চিকিৎসা সেবা প্রয়োজন। তার স্ত্রী সিপিজেকে জানিয়েছেন, নভেম্বরের শেষভাগে জামিনে মুক্তির সময় তিনি দাঁড়াতে পারছিলেন না।"
জামিনে মুক্তি পেয়ে জাহাঙ্গীর আলম আকাশ এখন স্ত্রী ও সন্তানকে নিয়ে ঢাকায় আছেন বলে জানানো হয় চিঠিতে। এতে আকাশের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের ব্যবস্থা করার জন্যও রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনডি/১৯৪৫ ঘ.
bdnews24