ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানী ঢাকা এখন এক নিরব নগরী। নেই নিত্যকার জনস্রোত, যানজট কিংবা ট্রাফিক সিগন্যালে আটকে থাকা। উধাও হয়ে গেছে মোটর ইঞ্জিনের ঘর ঘর আওয়াজ; কানে তালা মেরে দেওয়া অনর্থক হর্ন আর মানুষের প্রয়োজনে-অপ্রয়োজনে দৌঁড়-ঝাপ। কোলাহল আর ব্যস্ততাবিহীন ঢাকা যেন ঘুম জড়ানো চোখে জিরিয়ে নিচ্ছে দিন কয়েক।
বৃহস্পতিবার দুপুর থেকেই রাস্তাগুলোতে গাড়ির সংখ্যা কমতে শুরু করে। শুক্রবার ঈদের দিনের সকাল থেকে আলস্য আরও জেঁকে বসে নগরীতে। প্রায় বিরান সড়কে মাঝে মধ্যে রিকশার টুংটাং শব্দ জানান দিচ্ছে দিয়েছে প্রাণের সামান্য উপস্থিতি। অনেক সিএনজি চালিত বেবি ট্যাক্সিকে দেখা গেছে ডেকে ডেকে যাত্রী নিতে। এদিন রোজকার মতো যাত্রীদের-অনুনয় বিনয় করতে হয়নি একটুও।
রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল, গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট ও নিউমার্কেট এলাকার নির্জনতামুগ্ধ করেছে দুই ভাইবোন সাব্বি ও শাকিবকে। গাড়ির টিকেট না পাওয়ায় গ্রামের বাড়িতে যাওয়া হয়নি তাদের।
শাকিব বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যস্ততার কারণে ঢাকা শহরে র্দীঘদিন থেকেও একে ভালো করে দেখার সুযোগ হয়নি। আজ সে সুযোগ এসেছে বলে দুই ভাইবোন বেরিয়ে পড়লাম।"
পেশাগত কারণে গ্রামের বাড়িতে ঈদ করতে যেতে পারেননি পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ। উত্তরা থেকে অন্যান্য দিনের চেয়ে অনেক কম সময়ের মধ্যে কর্মস্থলে আসতে পেরে তিনি বেশ খুশি।
তিনি বলেন, "ঢাকা শহরটা আসলে যে খুবই সুন্দর, সেটা বোঝা যায় ঈদের ছুটিতে।"
ধানমন্ডি দুই নম্বর সড়ক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে চাচার বাসায় মাংস পৌঁছে দিতে যাবেন শাহিন । কিন্তু রিকসার ভাড়া চড়া। কমপক্ষে ১০ জন রিক্সা চালককে অনুরোধ করার পর একজন রাজি হয় ফুলার রোডে যেতে। তবে ভাড়াটা একটু বেশিই গুনতে হয় তাকে।
তবে উল্টো চিত্রও দেখা গেছে রাজধানীর কোথাও কোথাও। মীরপুরে পাভেল বাসা থেকে বের হতে না হতেই বেশ কয়েকটি রিক্সা চালক চিৎকার করে তাকে বলছিল, ভাই কই যাইবেন। আমার রিক্সায় অইয়েন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/১৭২৫ ঘ.
bdnews24