২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চার জেএমবি সদস্যের ১৪ বছর করে কারাদণ্ড

বিস্ফোরক মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 10:36 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিস্ফোরক মামলায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে ১৪ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালত। মঙ্গলবার দুপুরে বিচারক শফিকুল করিম এ দণ্ডাদেশ দেন। আদালত চার আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছর কারাদণ্ডও দিয়েছে। কক্সবাজারে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ওই চার জনকে এ সাজা দেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলো, জেএমবির চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার মোহাম্মদ প্রকাশ জাবেদ ইকবাল, বোমা মিজান, আইয়ুব আলী ওরফে আবু জর ও জাহিদুল ইসলাম প্রকাশ সুমন। এদের মধ্যে বোমা মিজান পলাতক রয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মামলার অপর আসামি মশিউর রহমান ওরফে উজ্জ্বলকে বেকসুর খালাস দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন। মামলার ২৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করা হয়। তিনি জানান, রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত জাবেদ ইকবাল, আইয়ুব আলী ও জাহিদুল ইসলাম নির্বিকার ছিল। ২০০৫ সালের ২০ আগস্ট কক্সবাজার সদর উপজেলার নূর পাড়ার আনোয়ারা বেগমের ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও অস্ত্র উদ্ধার করে র‌্যাব ও পুলিশ সদস্যরা। সেদিনই কক্সবাজার সদর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের হয়। গত ৫ সেপ্টেম্বর আদালতে বিস্ফোরক মামলার অভিযোগ গঠন হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমআই/১৬২১ ঘ.