২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও পাবনা হানাদার মুক্ত হয় দুদিন পর

১৬ ডিসেম্বর সারা দেশ স্বাধীন হলেও পাবনা শহর এবং এর আশপাশের এলাকা পাক হানাদার মুক্ত হয় দু'দিন পর অর্থাৎ ১৮ ডিসেম্বর। দেশের বিভিন্ন জেলা ও থানায় পাকিস্তানি সেনারা আত্মসর্মপণ করলেও পাবনায় হানাদাররা মুক্তিবাহিনীর কাছে আত্মসর্মপণ করতে অস্বীকৃতি জানায়। ১৮ ডিসেম্বর মিত্রবাহিনীর একজন কর্মকর্তার উপস্থিতিতে নুরপুরের ওয়াপদা কলোনীতে পাকবাহিনীর আত্মসর্মপন করলে পাবনা মুক্ত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 10:05 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

পাবনা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ১৬ ডিসেম্বর সারা দেশ স্বাধীন হলেও পাবনা শহর এবং এর আশপাশের এলাকা পাক হানাদার মুক্ত হয় দু'দিন পর অর্থাৎ ১৮ ডিসেম্বর। দেশের বিভিন্ন জেলা ও থানায় পাকিস্তানি সেনারা আত্মসর্মপণ করলেও পাবনায় হানাদাররা মুক্তিবাহিনীর কাছে আত্মসর্মপণ করতে অস্বীকৃতি জানায়। ১৮ ডিসেম্বর মিত্রবাহিনীর একজন কর্মকর্তার উপস্থিতিতে নুরপুরের ওয়াপদা কলোনীতে পাকবাহিনীর আত্মসর্মপন করলে পাবনা মুক্ত হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ মার্চের কালো রাতে দুই শতাধিক পাকিস্তানি সৈন্য পাবনা শহরে হানা দেয়। তারা পাবনা শহরের বর্তমানে শিল্পনগরী (বিসিক) এলাকায় ঘাঁটি স্থাপন করে। শহরের পুরাতন টেলিফোন এক্সচেঞ্জ ও টেলিগ্রাম অফিসও দখল করে ঘাঁটি গাড়ে। হানাদার বাহিনীর আসার খবর পেয়ে সে সময়ের জেলা প্রশাসক নুরুল কাদের খান আনুগত্য স্বীকার না করে সরকারি বাংলা ত্যাগ করে গোপন স্থানে চলে যান। এ সময় শহরের তরতাজা তরুণ মোহাম্মদ ইকবাল, রফিকুল ইসলাম বকুল, বেবী ইসলাম, মকবুল হোসেন সন্টু, আব্দুস সাত্তার লালু, মোহাম্মদ ইসমত, কানা মুন্সী, ভুলু, সেলিম, ক্যাপ্টেন জাহাঙ্গীর, হাবুল, হুমায়ুন, হেলাল, মজিদ, মুকুল, গোলাম আলী কাদেরীসহ কয়েক'শ যুবক রাতেই নুরুল কাদের খানের সঙ্গে যোগাযোগ করেন এবং চরাঞ্চলের শত শত মানুষকে সঙ্গে নিয়ে একনালা, দো-নালা বন্দুক, পিস্তল, লাঠি, ফালা ও সড়কি নিয়ে ২৮ মার্চ দুপুরে পাবনা শহরের পাকিস্তানি সৈন্যদের ঘাঁটিতে হামলা করেন। ওই দিন সম্মুখযুদ্ধে দু'শ পাক সেনা নিহত হয়। সেদিন প্রথম পাবনা হানাদার মুক্ত হয়। এ ভাবে ১২ দিন পাবনা শহর পাক বাহিনী মুক্ত থাকে। কিন্তু ১০ এপ্রিল পাক বাহিনী বিপুল অস্ত্রসম্ভার ও দুই সহস্রাধিক সৈন্য নিয়ে আবার পাবনায় প্রবেশ করে। তারা নগরবাড়ী থেকে পাবনা শহর পর্যন্ত আশপাশের সব বাড়ি ঘর জ্বালিয়ে দেয় এবং শত শত নিরীহ মানুষকে হত্যা করতে করতে শহরে প্রবেশ করে। তাদের হাতে শহীদ হন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মাওলানা কছিমুদ্দিন, ডা. অমলেন্দু দাক্ষী, আমিনউদ্দিন, সাইদ তালুকদার, সাধন, রিদ্দিক ও বুলবুলসহ সহ্রসাধিক মানুষ। এর পাশাপাশি ঈশ্বরদী, সুজানগর, বেড়া, ফরিদপুর, সাঁিথয়া, চাটমোহর, আটঘরিয়াসহ বিভিন্ন থানায় নারকীয় হত্যাযজ্ঞ চালায় হানাদার বাহিনী। এর মধ্যে হাদল গণহত্যা, সাতবাড়িয়া গণহত্যা, ধুলাউড়ি গণহত্যা, চন্দ্রবতী গণহত্যা, নাজিরপুর গণহত্যা, লক্ষ্মীপুর গণহত্যা পাক বাহিনীর নৃশংসতার স্বাক্ষ্য বহণ করে। ১৯৭১ সালের জুন মাসে মুক্তিসেনারা ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে ঈশ্বরদী হয়ে পাবনা প্রবেশ করতে শুরু করেন। বিভিন্ন স্থানে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ হয়। এসব যুদ্ধে হানাদার বাহিনী বীর মুক্তি সেনাদের কাছে পরাস্ত হতে থাকে। ৫ ডিসেম্বর প্রথমে ফরিদপুর ও ৬ ডিসেম্বর বেড়া থানা পাক হানাদার মুক্ত হয়। ১৪ ডিসেম্বর সুজানগর, ১৭ ডিসেম্বর চাটমোহর মুক্ত হয়। ১৬ ডিসেম্বর পাক বাহিনীর কমান্ডার লে. জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী মিত্র বাহিনীর প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে আত্মসর্মপণ করলেও পাবনায় আত্মসর্মপণ করতে অস্বীকৃতি জানায় হানাদাররা। জেনেভা কনভেনশন অনুযায়ী ১৮ ডিসেম্বর মিত্র বাহিনীর একজন কর্মকর্তার উপস্থিতিতে নুরপুরের ওয়াপদা কলোনীতে হানাদার বাহিনী আত্মসর্মপণ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০০ ঘ.