২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজয়রথের পথে পথে যুদ্ধাপরাধীদের নির্মূল করতে হবে এখনি: ইনামুল হক বীরপ্রতীক

"৭১ এ রণাঙ্গন থেকে ফিরে চিহ্নিত যুদ্ধাপরাধীদের হন্যে হয়ে খুঁজেছি। সে সময় অনেকেই জেলে ছিলো; অনেকে পালিয়ে গিয়েছিল। নইলে তখনি এর মীমাংসা করে ফেলতাম", বিজয়ের ৩৬ বছর পরও স্বাধীনতাবিরোধীদের আস্ফালনে এভাবেই ক্ষোভ ঝরে পড়ে ইনামুল হক চৌধুরী বীরপ্রতীকের কণ্ঠে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 10:33 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

সিলেট, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- "৭১ এ রণাঙ্গন থেকে ফিরে চিহ্নিত যুদ্ধাপরাধীদের হন্যে হয়ে খুঁজেছি। সে সময় অনেকেই জেলে ছিলো; অনেকে পালিয়ে গিয়েছিল। নইলে তখনি এর মীমাংসা করে ফেলতাম", বিজয়ের ৩৬ বছর পরও স্বাধীনতাবিরোধীদের আস্ফালনে এভাবেই ক্ষোভ ঝরে পড়ে ইনামুল হক চৌধুরী বীরপ্রতীকের কণ্ঠে। যুদ্ধাপরাধীদের প্রতিরোধের ডাক দিয়ে তিনি বলেন, "আজ যারা মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তোলে, এটাকে ভারত-পাকিস্তান যুদ্ধ বলে চালাতে চায়; তারা একদিন এই পতাকাকেও গ্রাস করবে। তাদের নির্মূল করতে হবে এখনি।" বৃহস্পতিবার সিলেট শহরের চৌহাট্টায় নিজ বাসায় বসে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের মুক্তাদীর আহমদকে দেয়া সাক্ষাৎকারে মুক্তিযোদ্ধা ইনামুল হক চৌধুরী জানান তার আশা, হতাশা, আর যুদ্ধদিনের কথা। যে আকাক্সক্ষা থেকে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা থেকে দেশ দূরে সরে যাওয়ায় এনামুল হক চৌধুরী এখন আশাহত। যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এখনই সংগঠিত হওয়ার প্রয়োজন বলে অনুভব করেন তিনি। বলেন, "অনেক সময় নষ্ট হয়েছে। এখনই এর সুরাহা হওয়া দরকার, না হলে পরে আর কোনো প্রমাণ পাওয়া যাবে না।" মুক্তিযুদ্ধে ৫ নম্বর সেক্টরে মীর শওকত আলীর অধীনে সাব-সেক্টরে কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধে যোগ দেন ইনামুল হক। পরে ভারপ্রাপ্ত সাব-সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। মুক্তিযদ্ধে অংশ নেয়ার প্রেক্ষাপট প্রসঙ্গে ইনামুল হক বলেন, "১৯৭১ সালে যখন যুদ্ধে যাই, তখন আমি ছিলাম সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। '৫২, '৬২, '৬৯ এর ধারাবাহিকতায় এক জন রাজনৈতিক কর্মী হিসেবে বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি।" একাত্তরের অক্টোবরে সুনামগঞ্জের মঙ্গলকাটা, বেরীগাঁও ও ষোলঘর এলাকায় পাকিস্তানি দখলদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেন ইনামুল হক। সে লড়াইয়ের স্মৃতি হাতড়ে তিনি বলেন, "২৭ অক্টোবর ভোর ৪টার দিকে ল্যান্সনায়েক ছুরত আলী আমাকে খবর দেয়, পাকবাহিনী তাদের ঘিরে ফেলেছে। ছুরত আলীরা তখন আমাদের দুই মাইল পেছনে। এ খবর শোনার পর দুই কোম্পানির ৬১/৬২ জন মুক্তিযোদ্ধা নিয়ে পেছন থেকে আক্রমণ করে পাকিস্তানি বাহিনীকে ঘায়েল করি। ওই লড়াইয়ে তদানীন্তন ইপিআর-এর ল্যান্সনায়েক রহিম বক্স শহীদ হন।" ইনামুল হক নিজেও গুলিবিদ্ধ হন। পাঁচ/ছয় ঘন্টার এই দুঃসাহসিক অপারেশনে নেতৃত্ব দেয়ার জন্যই ইনামুল হক চৌধুরীকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়। যুদ্ধসঙ্গীদের স্মৃতি রোমন্থন করতে গিয়ে ইনামুল হক বলেন, "চোখের সামনে এখনও তালেব আলী, জগৎজ্যোতির স্মৃতি ভেসে উঠে। সেদিন আহত হওয়ার পর পাকিস্তানি হানাদাররা তাদের গুলি চালিয়ে হত্যা করেছিল।" ওই অপারেশনে থাকা মুক্তিযোদ্ধা হীরা মিয়া, সিরাজুল ইসলাম বীরপ্রতীক ও জগদীশ দাসের কথাও মনে করতে পারেন ইনামুল হক। জানান তাদের অসম সাহসিকতার কথা। এ প্রসঙ্গে একটু খেদও রয়েছে তার। তার মতে, যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পদক দেয়ার ক্ষেত্রে বেসামরিক মুক্তিযোদ্ধাদের যথাযথ মূল্যায়ন হয়নি। কারণ পদক বিতরণ বোর্ডের সবাই ছিলেন সামরিক বাহিনীর লোক। যুদ্ধপরাধীদের বিচার প্রসঙ্গে ইনামুল হক বলেন, "বিচার না হওয়াটা আমাদের জাতির জন্য কলঙ্ক। ৩৬ বছর হয়ে গেলো, তাদের বিচার হলো না।" বিচার প্রক্রিয়ায় আর দেরি করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, "এখনও অনেক সেক্টর কমান্ডার বেঁচে আছেন, মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন; আমরা আদালতে সাক্ষি দিতে পারব। পরে হয়তো সাক্ষ্য প্রমাণও আর পাওয়া যাবে না।" বর্তমান সরকারের সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে ইনামুল হক বলেন, "সরকার সবকিছু সংস্কার করতে পারে। দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন পুর্নগঠন করে ভালো কাজ করেছে। সকলের প্রশংসা পেয়েছে। তাহলে যুদ্ধাপরাধীদের বিচার কেন করতে পারবে না?" মুক্তিযোদ্ধাদের নিয়ে সব সরকার 'রাজনীতি' করেছে দাবি করে এ প্রক্রিয়ার অবসান হওয়া দরকার বলে মনে করেন ইনামুল হক। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। আহত কিংবা অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের অর্থনৈতিক সঙ্কট নিরসনে সরকারের দৃষ্টিও চান তিনি। বলেন, "আমরা সচ্ছল বলে মোটামুটি চলতে পারছি। কিন্তু আমার সহযোদ্ধা মুক্তিযোদ্ধারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি নিয়ে আসেন। তাদের সেই দাবি পূরণ করার সাধ্য আমাদের নেই। এটা যে কী পরিমাণ লজ্জার, বলে বোঝানো যায় না।" ইনামুল হক চৌধুরী বীরপ্রতীক ১৯৭৯ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বলেন, "মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য সংসদেও কথা বলেছি, সংসদের নথিতে তা আছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য তাই নিজেই নেমেছি। সিলেট মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি নামে একটি সংগঠন এ বছর নিবন্ধন করিয়েছি। যাতে মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের শিক্ষা, চিকিৎসা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে কিছু করা যায়।" নিজ দল আওয়ামী লীগের বর্তমান অবস্থার জন্য মুক্তিযুদ্ধের মূল চেতনা থেকে কিছুটা হলেও সরে আসাকে দায়ী করেন ইনামুল হক। তার পর্যবেক্ষণ, রাজনীতিতে দুর্বৃত্তায়নের কারণে মুক্তিযোদ্ধা নেতৃত্ব দলে কোনঠাসা হয়ে পড়েছে। দেশকে বাঁচাতে তাই এখন ইনামুল হকের আহ্বান, মুক্তিযোদ্ধা নেতৃত্বকে আবার জাগতে হবে। মানুষকে জাগাতে হবে। রাজনীতিকে আবার মুক্তিযুদ্ধের চেতনার পথে ফিরিয়ে আনতে হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/এমএ/১৬২৫ঘ.