২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে কালোবাজারে সার বিক্রির অভিযোগে গ্রেপ্তার কৃষি কর্মকর্তা জেলহাজতে

ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে দেয়ার অভিযোগে সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেপ্তার দুজনকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 10:11 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

নীলফামারী, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে দেয়ার অভিযোগে সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ গ্রেপ্তার দুজনকে সোমবার জেলহাজতে পাঠানো হয়েছে। সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নে কর্মরত কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল (৪২) ও তার সহযোগি জাহিদুল ইসলামকে (২৮) রোববার রাতে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। জাহিদুল ওই ইউনিয়নের মহব্বত বাজিতপাড়া এলাকার জসিম উদ্দীনের ছেলে। সোমবার দুজনকে মূখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের আইনজীবী জামিনের আবেদন জানালে আদালত নামঞ্জুর করে এবং তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান চৌধুরী জানান, কৃষি কর্মকর্তা মোস্তফা কামাল তার সহযোগি জাহিদুল ইসলামের মাধ্যমে ৭২ বস্তা ইউরিয়া সার কালোবাজারে বিক্রি করে দেন। তিনি জানান, এই ঘটনা জানাজানি হয়ে গেলে বিক্ষুব্ধ লোকজন রোববার বিকেলে ইউনিয়ন পরিষদ অফিস ঘেরাও করে। পরে থানায় খবর দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ইউনিয়নের সার ডিলার মাহমুদ এন্টারপ্রাইজের গুদাম রক্ষক উত্তরাশশী এলাকার আইনউদ্দীনের ছেলে নাসির উদ্দীন (৩২) ও হাবিবুল্লাহ (২৫) পালিয়ে যায়। এ ঘটনায় পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রোববার রাতে থানায় একটি মামলা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৫ ঘ.