২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ছাত্র শিক্ষকদের মামলার সাক্ষ্য গ্রহণ চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে জরুরি ক্ষমতা আইন ভঙ্গের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার দুপুর ১টা থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2007, 09:46 AM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত ছাত্র বিক্ষোভের ঘটনায় চার শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে জরুরি ক্ষমতা আইন ভঙ্গের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার দুপুর ১টা থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। মাঝখানে কিছুক্ষণ সাক্ষ্য গ্রহণ মূলতবি রাখেন ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর ও দ্রুত বিচার হাকিম মো. গোলাম রাব্বানী। গত ১১ ডিসেম্বর জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলার অভিযোগে বলা হয়, অভিযুক্তরা সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে ও কুশপুত্তলিকা দাহ করে অপরাধ করেছেন। দুপুর ১২টার দিকে অভিযুক্ত চার শিক্ষক অধ্যাপক আনোয়ার হোসেন, হারুন অর রশীদ, সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক ও একমাত্র আটক ছাত্র মনিরুজ্জামান সর্দার রুবেলকে আদালতে হাজির করা হয়। এ মামলার বাকি আসামি ১৪ ছাত্র এখনো পলাতক রয়েছেন। মামলার বাদি নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শওকত আহমেদ জবানবন্দিতে বলেন, "সেদিন অভিযুক্ত শিক্ষকরা সাধারণ ছাত্র জনতাকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে প্ররোচিত করেন। তারপর মিছিল থেকে পুলিশের প্রতি ইট-পাটকেল নিক্ষেপ করে আমাদের কাজে বাধা দিয়ে আক্রমণ করা হয়। এতে অনেক পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এ ছাড়া তারা সরকারের বিভিন্ন ব্যক্তির কুশপুত্তলিকাও দাহ করে।" সার্জেন্ট শওকত আরো বলেন,"অভিযুক্তরা নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, উপাচার্যের বাড়ি ও এফ রহমান হলের সামনের রাস্তায় বেআইনিভাবে দলবদ্ধ হয়ে সরকারবিরোধী মিছিল থেকে রাস্তার যানবাহন ভাংচুর করে। এ ছাড়া তারা সেখানে গাড়ির টায়ার জড়ো করে অগ্নি সংযোগের মতো ঘটনাও ঘটায়। এতে জনমনে ও নিরীহ ছাত্রদের মধ্যে ভীতি সঞ্চার হয়।" ২৩ আগস্ট রাতে যৌথ বাহিনীর সদস্যরা অধ্যাপক আনোয়ার হোসেন ও সমাজ বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন-অর-রশীদকে আটক করে। পরবর্তীতে সদরুল আমিন ও নিমচন্দ্র ভৌমিক আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এসকে/১৫৩৯ঘ.