ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বর্তমান সরকারকেই যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা। তারা বলেছেন, বিশেষ আদালত গঠন করে একাত্তরের ঘাতকদের বিচার করতে হবে।
রোববার ঢাকার নগর ভবন চত্বরে মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় তারা এ দাবি জানান।
গত কয়েক বছরের মতো দুই নম্বর সেক্টরের ও ঢাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের নিয়ে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিবাহিনীর উপ-অধিনায়ক অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, ৫ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত লে. জেনারেল মীর শওকত আলী, ৩ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ, ৪ নম্বর সেক্টরের কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত ও ৭ নম্বর সেক্টরের কমন্ডার অবসরপ্রাপ্ত কর্নেল কাজী নুরুজ্জামান।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আপেল মাহমুদ, আবদুল জব্বার, শাহীন সামাদ, রূপা ফরহাদ, বিপুল ভট্টাচার্যের কণ্ঠে 'ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' গানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।
এ কে খন্দকার বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য সেক্টর কমান্ডারস ফোরাম গঠিত হয়েছে। দল-মত নির্বিশেষে দেশের সব মানুষ সেক্টর কমান্ডারস ফোরামের দাবির সঙ্গে একমত হয়েছেন।"
তিনি বলেন, বর্তমান সরকারকেই যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করতে হবে। এজন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে।
কর্নেল নুরুজ্জামান বলেন, "কোনো কিছু পাওয়ার জন্য আমরা যুদ্ধ করিনি। শুধু গুলি চালালেই মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধ একটি মানসিকতার ব্যাপার।"
সিআর দত্ত বলেন, "সরকার এলো, সরকার গেলো; যুদ্ধাপরাধীদের বিচার হলো না। বর্তমান সরকারকেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।"
মীর শওকত আলী বলেন, 'দেশে কোনো যুদ্ধাপরাধী নেই' এ কথা বছরের সবচেয়ে বড় তামাশা। নিজামী আল বদর কমান্ডার ছিল। রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সদস্যদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।
সাবেক সেনাপ্রধান শফিউল্লাহ বলেন, "দেশের প্রতিটি মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ ঐক্যবদ্ধ। এবার তাদের বিচার হবেই।"
ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাও যুদ্ধাপরাধীদের বিচারের মুখোমুখি করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২২১০ ঘ.
bdnews24