২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারাগারে বিজয় দিবসের উৎসব

ঢাকাসহ দেশের বিভিন্ন কারাগার ও বিশেষ কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে রোববার বিজয় উৎসব পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2007, 03:04 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকাসহ দেশের বিভিন্ন কারাগার ও বিশেষ কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন এবং বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে রোববার বিজয় উৎসব পালন করা হয়েছে। কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দীকি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কারাগারগুলোতে নানা ধরনের খেলাধুলা, গান-বাজনা আর নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়। এসব আয়োজনে অংশ নেওয়া সবাইকে পুরস্কৃত করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে কারাগারগুলো রঙিন কাগজ, ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়। এছাড়া, সকাল থেকে রাত পর্যন্ত ছিল বিশেষ খাবারের ব্যবস্থা। কারাগারের বাসিন্দাদের জন্য সকালে খিচুড়ি ও সেমাই, দুপুরে রুইমাছ আর আলুরদম দিয়ে ভাত এবং রাতে পোলাওয়ের সঙ্গে গরু বা খাসির মাংশ বরাদ্দ করে কর্তৃপক্ষ। মেজর সামসুল হায়দার ছিদ্দীকি জানান, বিজয় দিবস উপলক্ষে বিশেষ কারাগারে বন্দি সাবেক দুই প্রধানমন্ত্রীর জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা ছাড়া আর কোনো আয়োজন ছিল না । পোলাও-মাংশ ছাড়া তাদের আর কোনো পছন্দের খাবার আছে কিনা- জানতে চাওয়া হয়েছিল। তবে তারা কোনো পছন্দের কথা জানাননি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২০৫৭ ঘ.