ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- গ্রিড বিপযর্য়ের পর রোববার বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। শনিবার রাতের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শওকত আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "চাহিদা অনুসারে স্বাভাবিক সরবরাহ শুরু হয়েছে। কারণ অনুসন্ধানের জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬ নভেম্বর বিদ্যুৎ বিপর্যয়ের জন্য এ কমিটি গঠন করা হয়।"
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, সারাদেশের সবগুলো সরকারি ও বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সারাদেশে লোডশেডিং খুব একটা হয়নি। সকাল থেকেই বিদ্যুতের উৎপাদন ছিল ২৫০০ মেগাওয়াটের বেশি। দুপুর ১২ টায় উৎপাদন ছিল ২৫৭৩ মেগাওয়াট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৩২ কেভি জাতীয় গ্রীড লাইনে বিপর্যয়ের কারনে বন্ধ হয়ে যাওয়া ৫টি ইউনিটের মধ্যে ৪টি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বাকী একটি ইউনিটের চালুর চেষ্টা চলছে।
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান খান জানান, শনিবার রাতের মধ্যেই ৪টি ইউনিটের উৎপাদন স্বাভাবিক হয়েছে। তবে ১৫০ মেঘাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ইউনিটের উৎপাদন এখনো সম্ভব হয়নি। এটি চালু করতে সময় লাগবে।
মোট ৭২৮ মেগাওয়াট উৎপাদনে সক্ষম আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের ৮টি ইউনিটের মধ্যে তিনটি ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ আছে। চালু ৫টি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা হচ্ছে ৪৫০ মেঘাওয়াট। বর্তমানে এ বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত হচ্ছে মাত্র ২শ ৯০ মেঘাওয়াট বিদ্যুৎ।
এ কারণে ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের এলাকাগুলোতে এখনো বিদ্যৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৩৩০ ঘ.
bdnews24