বিপ্লব রহমান
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাজধানীর মোহাম্মদপুরের 'যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র ও বিশ্রামাগার'। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের পর্ব চুকে গেছে অনেক আগেই। এখন এটি শুধুই 'বিশ্রামাগার'।
সরেজমিনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের একমাত্র বিশ্রামাগারটিতে গেলে এর বেহাল দশা চোখে পড়ে। কর্তৃপক্ষও অবলীলায় স্বীকার করেছেন তাদের সীমাবদ্ধতার কথা। তারা বলছেন, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রয়োজন দেশি-বিদেশি সাহায্য এবং সমন্বিত উদ্যোগ।
বিশ্রামাগারের তত্ত্বাবধায়ক মতিউর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাধীনতার পর পরিত্যক্ত তিনটি এক তলা ভবনে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ, পুনর্বাসন কেন্দ্র ও বিশ্রামাগার খোলা হয়। তখন শতাধিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে আবাসনের ব্যবস্থা রেখে রেডিও মেকানিক, সেলাইসহ নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হতো। কিন্তু ১৯৭৪ সালের পর ওই প্রশিক্ষণ বন্ধ করে দেয়া হয়।
মতিউর রহমান জানান, এখন মাত্র ১১ জন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এই বিশ্রামাগারে রয়েছেন। আর যারা আশ্রিত ছিলেন, তারা সবাই সুযোগ-সুবিধার অভাবে ফিরে গেছেন নিজের বাড়িতে। অনেকে মারাও গেছেন।
মুক্তিযুদ্ধের চার নম্বর সেক্টরে সিলেট অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে মর্টারের আঘাতে একটি পা হারান শুকুর আলী (৬৬)। চিকিৎসার পর ১৯৭৩ সাল থেকে তিনি স্থায়ীভাবে থাকছেন বিশ্রামাগারে।
বিশ্রামাগারের সমস্যার কথা জানতে চাইলে তিনি বললেন, "সংস্কারের অভাবে বিশ্রামাগারের পুরনো ভবনগুলো জীর্ণ ও স্যাঁতসেতে হয়ে পড়েছে। এ জন্য সব সময় আমাদের সর্দি-কাশি লেগেই আছে। প্রায় সাত মাস হলো এখানে কোনো স্বাস্থ্য কর্মকর্তা নেই। এ জন্য চিকিৎসার চালাতে হয় নিজ খরচে অন্য হাসপাতালগুলোতে গিয়ে।"
শুকুর আলী বলেন, "রান্না-বান্নার জন্য একজন বাবুর্চি আছে। কিন্তু মাসিক এক হাজার ৮০০ টাকা ভাতায় তিন বেলা খাবার কিনে পেট চালানো খুব কঠিন।"
বিশ্রামাগারের বাসিন্দা মোফাজ্জল হক (৫০) বললেন, "খাওয়া-দাওয়ার খরচ কোনো রকমে চালিয়ে নেয়া যায়। কিন্তু এখন আমাদের বয়স হয়েছে। নানা রকম অসুখ-বিসুখ দেখা দিচ্ছে। নিজ খরচে চিকিৎসা করানোই দায়।"
মোফাজ্জল সাত নম্বর সেক্টরে দিনাজপুর অঞ্চলে যুদ্ধ করতে গিয়ে গুলিতে ডান পা হারান। তার একটি হাতও প্রায় অকেজো হয়ে যায়।
বিশ্রামাগারের আরেক বাসিন্দা আজিজুর রহমানও ওই একই সেক্টরে সৈয়দপুরে যুদ্ধ করতে গিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুলিবিদ্ধ হয়ে জখম হন। তার সহযোদ্ধারা জানালেন, চিকিৎসার পর শারীরিকভাবে সুস্থ হলেও তিনি মানসিকভাবে খানিকটা ভারসাম্যহীন।
কেমন আছেন
bdnews24