ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কলকাতায় ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সদরদপ্তর ফোর্ট উইলিয়ামে শুক্রবার থেকে বাংলাদেশের বিজয় দিবস উদযাপন শুরু করেছে ভারত সরকার। তিনদিন ধরে চলবে এ উৎসব। বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধাদের একটি দল এতে অংশ নিচ্ছে।
ঢাকার ভারতীয় দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমাম-উজ-জামানের নেতৃত্বে অবসরপ্রাপ্ত কর্নেল আবু ওসমান চৌধুরী, আলী যাকের, সারা যাকের ও বুলবুল মহলানবিশসহ ১৮ সদস্যের একটি দল ফোর্ট উইলিয়ামের বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।
উৎসবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মরণে নির্মিত 'বিজয় স্মারক'এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া অনুষ্ঠানমালায় থাকবে সেনাদলের কসরৎ প্রদর্শন, বাদক দলের বাজনাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংবর্ধনা।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ভারত সরকার প্রতিবছর দিনটি বিশেষভাবে পালন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/জেকে/এমএইচবি/০১০০ ঘ.
bdnews24