ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ধানমণ্ডিতে শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে এক সড়ক দুর্ঘটনায় দুই রিকশা চালক ও এক রিকশা যাত্রী আহত হয়েছেন।
ঘটনাস্থলে দায়িত্বরত ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক বশির উদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নীল রঙের একটি ট্যাক্সি ক্যাব শংকর মোড় থেকে যাত্রীসহ এক রিকশাকে বাম্পারের সঙ্গে লাগিয়ে টেনে হিচঁড়ে প্রায় ২০০ মিটার দূরে এটসেটরার সামনে নিয়ে আসে। এ সময় সেখানে অবস্থান করা আরেকটি রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। উত্তেজিত জনতা এ সময় ট্যাক্সি ক্যাবের সামনের গ্লাস ভেঙে ফেলে এবং চালককে মারধর করে।"
তিনি জানান, আহত যাত্রীকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত রিকশা চালকের নাম হারুন ও নিজাম। আহত রিকশা যাত্রীর নাম জানা সম্ভব হয়নি।
হারুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি মামলা চাই না। আমি আমার রিকশা ফেরত চাই। আমার চিকিৎসার খরচ চাই।"
সকাল পৌনে ১১ টার দিকে মোহাম্মদপুর থানার একটি দল এসে ট্যাক্সি ক্যাব ও তার চালক রবিউলকে থানায় নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক দিদার জানান, চালকের বিরুদ্ধে মামলা করা হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জিএনএ/১১৪৯ ঘ.
bdnews24