ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে বিশ্বাস করে ২০০৮ সালের মধ্যেই বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঢাকায় যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি বৃহস্পতিবার রাতে ওয়েবচ্যাটে এ কথা বলেন।
তিনি যতদ্রুত সম্ভব গণতন্ত্র পুনর্বহালের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ওয়েবচ্যাটে অংশগ্রহণকারীদের গীতা পাসি বলেন, "নির্বাচন কমিশন ঘোষিত সময়সীমা অনুযায়ী ২০০৮ এর মধ্যেই নির্বাচন হবে বলে আমরা আশা করছি। গণতান্ত্রিক কার্যক্রম চালুর ব্যাপারেও আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছি।"
তিনি ঘূণিঝড় পরবর্তী ত্রাণ কার্যক্রমের ব্যাপারে সরকারের প্রশংসা করেন।
এক প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গীতা পাসি জানান, যুক্তরাষ্ট্রের রণতরী কিয়ারসার্জ ও তারাওয়া'র বাংলাদেশ ছেড়ে যাওয়ার পেছনে ভারত বা চীনের কোনো চাপ ছিল না। জরুরি ত্রাণ তৎপরতা শেষ হওয়ার পরই নৌযান দুটি বাংলাদেশ উপকূল ত্যাগ করে।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য এ পর্যন্ত জরুরি ত্রাণ হিসেবে এক কোটি ৯৫ লাখ ডলারের বেশি সাহায্য দিয়েছে। এর অর্ধেক ছিল খাদ্য সহায়তা।"
দীর্ঘমেয়াদি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ইউএসএআইডি ও স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহায়তা দিয়ে যাবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্র দূতাবাস এই ওয়েবচ্যাট এর আয়োজন করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/০১৪৯ ঘ.
bdnews24