ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশে বসবাসরত আটকা পড়া পাকিস্তানী হিসাবে পরিচিত 'বিহারীদের' কেন এদেশের ভোটার করা হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকার ও নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেছে।
আইন ও স্বরাষ্ট্র সচিব এবং প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে আগামী ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহষ্পতিবার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি শহীদুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ 'বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংস্থা'-র প্রধান পৃষ্ঠপোষক নিয়াজ আহম্মেদ খানসহ ৭ 'বিহারীর' দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
রিট আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট ফরিদ আহমেদ ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মহসিন।
তারা শুনানিতে বলেন, "রিট আবেদনকারীসহ বাংলাদেশে অনেক উর্দূভাষী বিহারী রয়েছেন। তারা অনেকে ক্যাম্পে, অনেকে ক্যাম্পের বাইরে বসবাস করছেন।"
'বাংলাদেশে এখন আর কোন আটকেপড়া পাকিস্তানী নেই' -এ দাবি করে তারা বলেন, "এই বিহারীদের জন্ম হয়েছে বাংলাদেশে।"
অ্যাডভোকেট ফরিদ আহমেদ ও অ্যাডভোকেট গাজী মোহাম্মদ মহসিন শুনানিতে আরও বলেন, রিটকারীসহ অনেক বিহারীর পাসপোর্ট রয়েছে। তারা কেউ কেউ ইতোপূর্বে ভোটারও হয়েছে। কিন্তু বর্তমান ভোটার তালিকায় তাদের নাম অন্তভর্ূূক্ত করা হচ্ছে না। তারা ভোটার হতে চাইলে বিহারী বলে ভোটার না করার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০১৭ঘ.
bdnews24