সাভার, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসের দুদিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি দখলদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছিল সাভার। এদিন ঢাকার দিকে পিছু হটা পাকিস্তানি সেনাদের ওপর আঘাত হানতে গিয়ে শহীদ হন ১৫ বছরের কিশোর গোলাম মো. দস্তগীর টিটুসহ আরও কয়েক মুক্তিযোদ্ধা ।
মানিকগঞ্জ জেলার শেওতা গ্রামের টিটু বাবা গোলাম মোস্তফার অনুপ্রেরণায় ২৭ মার্চ চার ভাইয়ের সঙ্গে যোগ দেন মুক্তিযুদ্ধে। গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ শেষে টিটুকে পাঠানো হয় সেক্টর কমান্ডার খালেদ মোশারফের আওতাধীন এলাকায়। পরে তাকে যুক্ত করা হয় ঢাকা শহর মুক্ত করার দায়িত্বে থাকা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর নেতৃত্বধীন মানিকের গেরিলা গ্র"পের সঙ্গে।
১৪ ডিসেম্বর সকালের দিকে পাকিস্তানি বাহিনীর ৪০ থেকে ৫০ জনের একটি দল কাদেরিয়া বাহিনীর প্রতিরোধের মুখে টাঙ্গাইল থেকে পালিয়ে আসে সাভারের জিরাব গ্রামে। খবর পেয়ে এ দলটির পথরোধ করে দাঁড়ায় টিটুর গেরিলা বাহিনী। হাতের কাছে চলে আসা শত্র" বাহিনীকে পিষে মারার প্রতিজ্ঞা নিয়ে টিটুদের দলটি এগিয়ে আসে। শুরু হয় সম্মুখ যুদ্ধ।
এক সময়ে এ দলের বেশিরভাগ সদস্য যুদ্ধে প্রাণ হারান। সকাল পেরিয়ে তখন দুপুর। সূর্য মাথার উপর। সহযোদ্ধাদের নিষেধ উপেক্ষা করে টিটু একাই এগিয়ে যেতে থাকেন সামনে ঘাপটি মেরে থাকা শক্র দল লক্ষ করে। কিন্তু হঠাৎ এক ঝাঁক তপ্ত বুলেট থামিয়ে দেয় তাকে। মাটিতে লুটিয়ে পড়েন অমিততেজ টিটুর সাহসী দেহ।
মুমুর্ষ টিটুকে সহযোদ্ধারা উদ্ধার করে দ্রুত কাছের সাভার ডেইরি ফার্ম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।
শহীদ টিটুকে দাফন করা হয় ডেইরি ফার্মের ভিতরেই। যুদ্ধের প্রায় ২১ বছর পর মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে ১৯৯২ সালে সাভার সেনানিবাসের তত্ত্বাবধানে সেখানে তৈরি করা হয় স্মৃতিস্তম্ভ। স্তম্ভের নাম দেওয়া হয় টিটোর স্বাধীনতা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/এমএ/১৬১০ঘ.
bdnews24