ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্ট।
পাশাপশি মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতের এজলাস জাতীয় সংসদ ভবন এলাকায় স্থানান্তরের সরকারি আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশও সুপ্রিম কোর্ট স্থগিত করেছে।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ সরকারের আবেদনের পরিপক্ষিতে এ আদেশ দেন।
আদেশের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক বলেন, সুপ্রিম কোর্ট হাইকোর্টের আদেশ স্থগিত করে দিয়েছে। ফলে বিশেষ এজলাসে শেখ হাসিনার বিরুদ্ধে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজি মামলার বিচার কার্যক্রম চলবে।
সরকারের আবেদনের ওপর শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল সালাউদ্দিন আহমেদ। তিনি শুনানিতে বলেন, "আইন আদালত স্থানান্তরের ক্ষমতা সরকারকে দিয়েছে।"
এর আগে এ বিষয়ে সুপ্রিম কোর্টের নজিরও রয়েছে বলে তিনি উদাহরণ দেন।
জবাবে শেখ হাসিনার কৌসুলি রফিক উল হক বলেন, "বিচারবিভাগ পৃথককরনের পর এ বিষয়টি নতুনভাবে দেখতে হবে। বিচারবিভাগ পৃথককরনের পর সরকারের এখন আর আদালত স্থানান্তরের আদেশ দেয়ার এখতিয়ার নেই।"
শেখ হাসিনার আরেক আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "সুপ্রিম কোর্টের আদেশে আমরা বিস্মিত হয়েছি। বিচারবিভাগ যে স্বাধীন হলো তা আজ সুপ্রিম কোর্টের আদেশে প্রতিফলিত হয়নি।"
তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টে শুনানিতে তাদের যথাযথ সুযোগ দেয়া হয়নি।
১০ ডিসেম্বর হাসিনার বিরুদ্ধে দায়ের করা ব্যবসায়ী আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম ও বিশেষ এজলাসে স্থানান্তর স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সরকার।
৯ ডিসেম্বর হাসিনার বিরুদ্ধে দায়ের করা আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে দেয় হাইকোর্ট।
এছাড়া মামলা পরিচালনার জন্য মহানগর দায়রা জজ আদালত জাতীয় সংসদ ভবন এলাকায় স্থানান্তরের সরকারি আদেশও স্থগিত করা হয়েছে। আদালত স্থানান্তরের সরকারের আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে সরকারের প্রতি রুলও জারি করে হাইকোর্ট।
১৩ জুন ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী ২ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা চাঁদাবাজির অভিযোগে শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। ২৪ জুলাই মামলার অভিযোগপত্রে ওই দুজনের পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। লন্ডনপ্রবাসী শেখ রেহানাকে পলাতক দেখানো হয়েছে।
২৬ নভেম্বর আইন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এক আদেশে আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলাটি জাতীয় সংসদ ভবন এলাকায় এজলাস বসিয়ে বিচার অনুষ্ঠানের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতকে নির্দেশ দিয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জিএনএ/১৩১৩ ঘ.
bdnews24