২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাংগস ভবন: নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় উদ্ধার কাজ বিলম্বিত

উদ্ধারকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারায় র‌্যাংগস ভবনের ভেঙে পড়া অংশের উদ্ধার কাজে অচলাবস্থা কাটছে না। বুধবার বিকেলে দমকল কর্মীরা সাত তলায় উদ্ধার কাজ শুরু করতে গেলে বিশেষজ্ঞরা তাদের নামিয়ে দেন। তবে বিশেষজ্ঞরা আশা করছেন, বুধবার রাতের মধ্যেই র‌্যাংগস ভবনের ওপরের তলাগুলো উদ্ধার কাজের জন্য প্রস্তুত করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 05:03 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- উদ্ধারকর্মীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে না পারায় র‌্যাংগস ভবনের ভেঙে পড়া অংশের উদ্ধার কাজে অচলাবস্থা কাটছে না। বুধবার বিকেলে দমকল কর্মীরা সাত তলায় উদ্ধার কাজ শুরু করতে গেলে বিশেষজ্ঞরা তাদের নামিয়ে দেন। তবে বিশেষজ্ঞরা আশা করছেন, বুধবার রাতের মধ্যেই র‌্যাংগস ভবনের ওপরের তলাগুলো উদ্ধার কাজের জন্য প্রস্তুত করা সম্ভব হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সৈয়দ ইশতিয়াক আহমেদ বুধবার বিকেলে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতের মধ্যে উদ্ধার কাজ শুরু করার বিষয়ে আমরা আশাবাদী। হয়তো আর দুই-তিন ঘণ্টা লাগতে পারে। উদ্ধার কাজ শুরু হলে সবার আগে দৃশ্যমান চারটি লাশ উদ্ধারের ওপর জোর দেওয়া হবে।" অধ্যাপক আহমেদ জানান, ভবনের অংশবিশেষ ধসে পড়ার ঘটনা দেশে এটাই প্রথম। এ কারণে খুব সাবধানে চিন্তা ভাবনা করে এগুতে হচ্ছে। ভবনের ৭ ও ৮ তলায় খুঁটি দিয়ে ছাদ ঠেকা দেওয়ার কাজ চলছে। খুঁটি দিয়ে ছাদ আটকানো নিশ্চিত করতে পারলেই উদ্ধার কাজ শুরু করা যাবে বলে তিনি উল্লেখ করেন। ইশতিয়াক আহমেদ বলেন, "নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে উদ্ধারকর্মীদের চরম ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হবে। তাছাড়া উদ্ধার কাজ চালাতে গিয়ে হাতুড়ি-শাবল ও বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে ছাদ কাটা হবে। সেক্ষেত্রে যে কম্পন হবে র‌্যাংগস ভবন তা সইতে পারবে কী না তা আগে নিশ্চিত করতে হবে। তা না হলে ভবনটি যে কোনও সময় ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে।" ভবন নির্মাণে কোনও ত্র"টি ছিল কী না জানতে চাইলে তিনি বলেন, "এখনও আমরা কোনও ত্র"টি পাইনি। তবে ভবনটি ভাঙার কাজের সময় হাতুড়ি-শাবলের ঘায়ে এর ভেঙে পড়া অংশ দুর্বল হয়ে থাকতে পারে।" বিকেল পৌনে ৪টার দিকে দমকল দপ্তরের দুই পরিচালক মেজর আসাদুল হক ও মেজর শেখ শাহজালাল র‌্যাংগস ভবনে আসেন। তারা ভবনের ওপরতলা পরিদর্শন শেষ করলে দমকল কর্মীরা যন্ত্রপাতি ও সিলিন্ডার নিয়ে ৭ তলায় উঠতে শুরু করে। দমকলের উপ পরিচালক (অপারেশনস) শেখ মিজানুর রহমানের নেতৃত্বে দমকল কর্মী ও রাজউকের শ্রমিকরা কাজ শুরুরও প্রস্তুতি নেয়। ঠিক ওই সময়ই বুয়েট ও রাজউকের বিশেষজ্ঞরা সেখানে এসে কাজ বন্ধ করে দেন। ওই তলার নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয় জানিয়ে আরো সময় নেওয়ার পরামর্শ দেন তারা। বিকেল সাড়ে ৪টার দিকে দমকল কর্মীরা নিচে নেমে আসে। কাজ শুরুর আগে দমকলের উপ পরিচালক শেখ মিজানুর রহমান বলেন, "আমরা লাশ বের করার জন্য আগে কংক্রিটের মধ্যে ফুটো করবো। আগেই রড কাটা হবে না। বুয়েট ও রাজউকের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানেই কাজ করবো আমরা।" কাজ বন্ধ করে দেওয়ার পর দমকলের উপ পরিচালক আসাদুল হক বলেন, "আমরা প্রস্তুত। শুরু করতে বললেই আমাদের লোকজন কাজে লেগে যাবে।" এদিকে বুধবার বিকেলে র‌্যাংগস ভবনে ১৪টি কফিন এনে রেখেছে রাজউক। তবে এ ব্যাপারে কথা বলার জন্য কাউকে সেখানে পাওয়া যায়নি। ভবনটির ভেতরে চাপা পড়ে বেশ কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হলেও তাদের সংখ্যার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে সেখানে এ পর্যন্ত ৪টি লাশ দেখা গেছে। উদ্ধারকর্মী ও সাংবাদিকরা ভবনটির ভেতরে গিয়ে লাশ পচার তীব্র গন্ধ পেয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এসকে/২২৫৭ঘ.