২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা এখন শুধু সামরিক শক্তির ওপর নির্ভরশীল নয়: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা এখন শুধু সামরিক শক্তি নয়, বরং উন্নয়ন কর্মকাণ্ড এবং সার্বিক জাতীয় শক্তি ও ক্ষমতার ওপর নির্ভরশীল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ বলেছেন, জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা এখন শুধু সামরিক শক্তি নয়, বরং উন্নয়ন কর্মকাণ্ড এবং সার্বিক জাতীয় শক্তি ও ক্ষমতার ওপর নির্ভরশীল। বুধবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ন্যাশনাল ডিফেন্স কোর্স -২০০৭ ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০০৭ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি প্রফেসর ইয়াজউদ্দিন আহমদ তার ভাষণে বলেন, "আমরা গর্ব করি যখন দেখি আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশের ডাকে গণতন্ত্র রক্ষা ও সরকারের হাতকে শক্তিশালী করার জন্য তাদের নিবেদিত সেবা দিয়ে যাচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষা, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবেলা, ভোটার পরিচয়পত্র তৈরি ও দেশের প্রত্যন্ত এলাকায় অবকাঠামো তৈরি করছে যা সন্দেহাতীতভাবে প্রশংসাযোগ্য।" গ্র্য্রাজুয়েটদের উদ্দেশে তিনি বলেন, "আমি আশা করি আপনারা নিবেদিত সেবা ও আচার-আচরণ দিয়ে এই প্রতিষ্ঠানের মুলমন্ত্র 'জ্ঞানের মধ্য দিয়ে নিরাপত্তা' সব সময় ধারণ করবেন।" কলেজের কমান্ডান্ট লেফটেন্যান্ট জেনারেল আবু তৈয়ব মোহাম্মদ জহিরুল আলম তার স্বাগত ভাষণে কলেজের সংক্ষিপ্ত পরিচিতি এবং চলতি কোর্স সম্পর্কে আলোকপাত করেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্নকারী কর্মকর্তা ও ২০০৭ সালে আর্মড ফোর্সেস ওয়ার ফোর্সের কর্মকর্তাসহ মোট ৬০ জন শিক্ষার্থী এ বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার অব ওয়ার স্টাডিজ ডিগ্রী সম্পন্ন করেছেন। রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ সফলভাবে উভয় কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন। বুধবার বঙ্গভবন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাবৃন্দ, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল সরওয়ার জাহান নিজাম, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল এস এম জিয়াউর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এম আমিনুল করিম, রাষ্ট্রপতির সচিব মো. সিরাজুল ইসলাম, প্রতিরক্ষা সচিব কামরুল হাসান, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যাপক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/২২২৭ঘ.