২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দী মহিউদ্দীন খান আলমগীরের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার

বন্দী অবস্থায় চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ডা. মহিউদ্দীন খান আলমগীরের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কারারক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 04:14 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বন্দী অবস্থায় চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ডা. মহিউদ্দীন খান আলমগীরের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করেছে কারারক্ষীরা। বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ডা. মহিউদ্দীনের কেবিন তল্লাশি করে এ ফোন পাওয়া যায়। মূত্রথলির রোগের কারণে দু'মাস ধরে এ হাসপাতালে তার চিকিৎসা হচ্ছে। উপ কারা মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দীকি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিকেল ৩টার দিকে ডেপুটি জেলার নাসিরুল ইসলাম ও মো. বাহারের নেতৃত্বে ১০ জন কারারক্ষী ডা. মহিউদ্দীনের কেবিন তল্লাশি করে ফোনটি উদ্ধার করে। ফোনটি কেবিনের টয়লেটের সিলিং এ রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফোন ব্যবহার করার কথা স্বীকার করে জনাব আলমগীর বলেছেন মদিনায় হজ্জ্ব পালনরত স্ত্রীর সঙ্গে যোগাযোগের জন্য তিনি এটি ব্যবহার করেন।" উপ কারা মহাপরিদর্শক জানান, অবৈধভাবে মোবাইল ফোন ব্যবহারের সাজা হিসেবে ডা. আলমগীরের সঙ্গে তার স্বজনদের সাক্ষাত বন্ধ করে দেওয়া হতে পারে। এছাড়া অতি দ্রুত চিকিৎসকদের পরামর্শ নিয়ে তাকে ভিআইপি কেবিন থেকে পিজি হাসপাতালেরই প্রিজন সেলে নিয়ে আসা হবে। মেজর ছিদ্দীকি জানান, বৃহস্পতিবার ডা. মহিউদ্দীনকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে তিনি যদি ফোনটি কী করে তার কাছে এলো তা না জানান তাহলে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কারাবিধি অনুযায়ী বন্দীদের মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহিউদ্দীন খান আলমগীরকে গত ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা । বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জিএমএ/এসকে/২২০৭ঘ.