২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো মামলায় বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বুধবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 01:06 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা নাইকো মামলায় বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল বুধবার বিকালে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। দুদক মহাপরিচালক আরও জানান, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকার সম্পদের পরিমাণ জানতে কমিশন অনুসন্ধান শুরু করেছে। বহুল আলোচিত নাইকো মামলা প্রসঙ্গে হানিফ ইকবাল বলেন, এরই মধ্যে দুজন কর্মকর্তাকে প্রাথমিকভাবে বাছাই করা হলেও একজন অসুস্থ হয়ে পড়েছেন। অপরজনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার এক বৈঠকে এই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। বুধবার কমিশনের উপ পরিচালক আক্তার হোসেনকে সাদেক হোসেন খোকার সম্পত্তির ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন হানিফ ইকবাল। গত ৬ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন মেয়র খোকার ১২টি বাড়ি ও ৪০ টি ব্যাংক হিসাব আছে বলে সাংবাদিকদের জানায়। কমিশনের হিসাবে তার সম্পত্তির পরিমাণ ১৭ কোটি টাকা। তবে পরে খোকা এক সংবাদ সম্মেলন করে তার প্রকৃত সম্পত্তির পরিমাণ মাত্র আট কোটি ৫৮ লাখ টাকা দাবি করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৮৪৭ ঘ.