ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রভাবমুক্ত বিচার নিয়ে শেখ হাসিনা আবারো সংশয় প্রকাশ করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস বুধবার সংসদ ভবনের বিশেষ কারাগারে শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সভানেত্রী তার বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রভাবমুক্ত বিচারের বিষয়ে সন্দিহান।
বেলা পৌনে ৪টার দিকে অ্যাডভোকেট কামরুল ইসলাম ও ব্যারিস্টার ফজলে নূর তাপস বিশেষ কারাগারে যান। এর প্রায় দেড় ঘণ্টা পর বেরিয়ে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, "নতুন দায়ের করা নাইকো মামলাসহ সব মামলা নিয়ে ওনার (শেখ হাসিনা) সঙ্গে কথা বলেছি। আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলা হাইকোর্ট তিন মাসের জন্য স্থগিত করেছে- এ খবরও তাকে জানানো হয়েছে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি ও পত্রপত্রিকায় প্রকাশিত খবর দেখে প্রভাবমুক্ত বিচারের বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।"
নাইকো মামলা সম্পর্কে শেখ হাসিনার প্রতিক্রিয়া কী- এমন প্রশ্নের জবাবে কামরুল ইসলাম জানান, সরকার যেভাবে একের পর এক মামলা দিতে শুরু করেছে তাতে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে কিনা তা নিয়ে শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছেন।
কামরুল ইসলাম বলেন, "ওনার (হাসিনা) চোখের অবস্থা বিশেষ ভালো না। আমরা তাকে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছি।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমআরএফ/এসএনডি/এমএ/১৮৪৪ঘ.
bdnews24