ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় কমিশন এর জিএসপি'র খসড়া প্রস্তাবের বিরোধিতা করেছেন বাংলাদেশ নিটওয়্যার উৎপাদক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)।
বিকেএমইএ বলেছে এই পদ্ধতি চালু হলে দেশের নিট শিল্প বিরাট হুমকির মুখে পড়বে।
বিকেএমইএ এর সভাপতি ফজলুল হক বুধবার সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "নতুন জিএসপি সুবিধা অনুমোদন পেলে
দেশের বিকাশমান নিটওয়্যার ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প মারাত্মক অনিশ্চয়তার মধ্যে পড়বে।"
ইউরোপীয় কমিশনের জিএসপি'র খসড়া প্রস্তাব অনুযায়ী, এ সুবিধা পাওয়ার জন্য ৩০ শতাংশ মূল্য সংযোজন করতে হবে।
বিকেএমইএ সভাপতি বলেন, "আমরা ইউরোপীয় কমিশনের কাছে জিএসপি'র নতুন খসড়া প্রস্তাবটি পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি এবং কমপক্ষে ৪৫ শতাংশ মূল্য সংযোজনের ব্যবস্থা রাখার জন্য অনুরোধ করছি।"
বিকেএমইএ এ বিষয়ে ঢাকায় অবস্থিত ইউরোপীয় কমিশনভুক্ত দেশগুলোকে চিঠি লেখার সিদ্ধান্ত নিয়েছে।
দরকার হলে তারা ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরে গিয়েও কথা বলবেন বলে ফজলুল হক জানান।
ইউরোপীয় ইউনিয়ন গত ৩০ বছর ধরে উন্নয়নশীল দেশে বাণিজ্য সুবিধা জন্য জিএসপি সুবিধা দিচ্ছে। এর ফলে ১০০ বিলিয়ন ডলারের বেশি লেনদেন হয়। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা যা যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডার সম্মিলিত সুবিধার চেয়েও বেশি বাণিজ্য সুবিধা দেয় উন্নয়নশীল দেশগুলোকে।
স্থানীয় বাজারে সুতার দাম বাড়ায়ও বিকেএমই নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।
ফজলুল হক বলেন, "আমরা স্থানীয় বাজারে সুতার দাম নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানাচ্ছি।"
তিনি বলেন, "চলতি সপ্তাহে বাংলাদেশে প্রতি কেজি সুতা ২ দশমিক ৯ মার্কিন ডলারে বিক্রি হচ্ছে যেখানে ভারতে এর দাম ২ দশমিক ৪ ডলার।"
সংবাদ সম্মেলনে বিকেএমইএ এর উর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসআর/এমএআর/এসকে/২৩০৭ঘ.
bdnews24