চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- 'মুক্তিযুদ্ধ যাদুঘর, চট্টগ্রাম' নামে চট্টগ্রামে দেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে স্মারক সংগ্রহের কাজ শুরু করবেন জাদুঘরের উদ্যোক্তারা।
জাদুঘরের অন্যতম উদ্যোক্তা ও ট্রাস্টি শহীদ জায়া বেগম মুশতারী শফী মঙ্গলবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, ১৬ ডিসেম্বর নগরীর রয়েল গার্ডেন কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিযুদ্ধের স্মারক সংগ্রহের মাধ্যমেই জাদুঘরের আনুষ্ঠানিক কাজ শুরু হবে।
তিনি বলেন, "পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ নিয়ে জাদুঘর থাকলেও আমাদের দেশে এখনো এ ধরনের পরিপূর্ণ জাদুঘর নেই। ঢাকায় একটি জাদুঘর থাকলেও সেখানে স্থান সংকুলান হচ্ছে না। এছাড়া চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছে। চট্টগ্রামের অবদানসহ মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে আমাদের এ উদ্যোগ।"
জাদুঘর প্রতিষ্ঠার জন্য নগরীর পাহাড়তলী থানার সিআরবি পাহাড়ের মুক্তিযুদ্ধের স্মৃৃতি বিজড়িত 'কাঠের বাংলো' ও এর আশপাশের দু'একর জমি বরাদ্দ চেয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন উদ্যোক্তারা।
এছাড়া, জাদুঘরের জন্য ১২ সদস্যের ট্রাস্টিবোর্ডও করা হয়েছে।
নগরীর সিআরবি পাহাড়ের কাঠের বাংলো ও এর আশপাশের এলাকাকে জাদুঘর প্রতিষ্ঠার জন্য নির্বাচন করা প্রসঙ্গে মুশতারী শফী বলেন, ১৯৭১ সালের ২৪ মার্চ রাতে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম, বীর উত্তম হালিশহরের ইপিআর সদরদপ্তর ত্যাগ করে এই কাঠের বাংলোতে অবস্থান নেন। ওই দিনই তিনি এ বাংলো থেকে হালিশহর ইপিআর সদরদপ্তরে বিদ্রোহের বার্তা পাঠিয়েছিলেন।
এছাড়া, মেজর রফিক এই বাংলোতে মেজর জিয়াউর রহমানের সঙ্গে বাঙালি সৈন্যদের বিদ্রোহ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
জাদুঘরের উদ্যোক্তা ও ট্রাস্টিবোর্ডের সদস্যরা হলেন- শহীদ জায়া বেগম মুশতারী শফী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ডা. মাহফুজুর রহমান, ফারুক-ই-আজম বীর প্রতীক, ড. মাহবুবুল হক, অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, সাংবাদিক আবুল মোমেন, আক্কু চৌধুরী, অধ্যাপিকা হান্নানা বেগম, রুশো মাহমুদ, মেহরাজ তাহসীন শফী ও মমতাজুল হক রুকু।
এর আগে গত আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা 'মুক্তিযুদ্ধ জাদুঘর' করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় আসার পর সে উদ্যোগ আর এগোয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এসএনডি/২২৪২ ঘ.
bdnews24