২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই নির্বাচন: হাইকোর্টের রায় স্থগিত করেনি আপিল বিভাগ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে ও নির্বাচনে বিজেএমইএর মনোনীত ৫ সদস্যকে ভোটার করার হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে ও নির্বাচনে বিজেএমইএর মনোনীত ৫ সদস্যকে ভোটার করার হাইকোর্টের আদেশ স্থগিত করেনি আপিল বিভাগ। মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ হাসান আমিনের আদালত হাইকোর্টের রায় স্থগিত করার জন্য বিজিএমইএ সদস্য মাহবুব মিনহাজের দায়ের করা আবেদনের ওপর শুনানি গ্রহণ করে কোন আদেশ না দিয়ে রেখেই দেন। আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্যও পাঠাননি চেম্বার বিচারপতি। মাহবুব মিনহাজের পক্ষের আইনজীবী এস এন গোস্বামী হাইকোর্টের রায় স্থগিতের আবেদন জানান। আদালত বলেন, এ পর্যায়ে কোন স্থগিতাদেশ দেওয়া যাবেনা। তবে আদালত মাহবুব মিনহাজের আবেদন খারিজও করেননি। এ আবেদনের বিরোধিতা করে বিজিএমইএর মনোনীত ৫ ভোটারের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ। গত ৬ ডিসেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের নির্বাচনের ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে হাইকোর্ট। পাশাপাশি এ নির্বাচনের ভোটার তালিকা থেকে বিজিএমইএ মনোনীত ৫ ভোটারকে তালিকা থেকে বাদ দিয়ে এফবিসিসিআই যে আদেশ দিয়েছিল তা অবৈধ ঘোষণা করে তাদেরকে ভোটার করারও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল সামাদ ও সাবেক সভাপতি আনিসুল হকের দায়ের করা রিট আবেদনের ওপর পূর্ণাঙ্গ শুনানি গ্রহণ করে হাইকোর্ট ওই রায় দিয়েছিলেন। এফবিসিসিআই নির্বাচনের জন্য গত ১৪ জুন বিজিএমইএ এর ৫ সদস্যকে ভোটার মনোনয়ন দেয়। তারা হলেন ফয়সাল সামাদ, আনিসুল হক, মোঃ আবদুস সালাম, ফেরদৌস পারভেজ ও এ বি এম শামসুদ্দিন। এছাড়া আনিসুল হককে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পরিচালক হিসাবেও মনোনয়ন দেওয়া হয়। ভোটার তালিকায় ওই ৫ জনের নাম অন্তর্ভূক্তির বৈধতা চ্যালেঞ্জ করে বিজিএমইএর একজন সদস্য মাহবুব মিনহাজ এফবিসিসিআইয়ের নির্বাচন আপিল বোর্ডে একটি আবেদন করেন। তার এই আবেদন গত ৩ জুলাই খারিজ হয়ে যায়। এর বিরুদ্ধে মিনহাজ এফবিসিসিআইয়ের সালিশী ট্রাইবুনালে আপিল করেন। ট্রাইবুনাল গত ২৫ সেপ্টেম্বর তার এই আপিল মঞ্জুর করে বিজিএমইএ মনোনীত ৫ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে ফয়সাল সামাদ ও আনিসুল হক হাইকোর্টে রিট আবেদন দায়ের করলে গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ট্রাইবুনালের এই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবেনা -এ মর্মে কারণ দর্শানোর জন্য রুলনিশি জারি করে। একইসঙ্গে আদালত তখন এফবিসিসিআইয়ের নির্বাচনও স্থগিত করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০০৮ঘ.