টাঙ্গাইল, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রক্তক্ষয়ী যুদ্ধের পর হানাদার পাকিস্তানী সৈন্যদের আত্মসমর্পণ ও পলায়নের মধ্য দিয়ে ১১ ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত হয়। দিনটি স্মরণে ১৯৭১ সালে স্থানীয়ভাবে কাদের সিদ্দীকির নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিবাহিনী গ্র"প 'কাদেরিয়া' বাহিনী শোভাযাত্রা ও আলোচনা সভার কর্মসূচি নিয়েছে।
২৫ মার্চের কালরাত্রির পর স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে ওঠে। পরে এপ্রিল থেকে ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত সমগ্র টাঙ্গাইল জামালপুর শেরপুর অঞ্চলে মুক্তিযোদ্ধারা একের পর এক হামলা চালিয়ে হানাদার পাকিস্তানি সেনাদের পর্যুদস্ত করে। এ সময় তিন শতাধিক মুক্তিযোদ্ধা শহীদ হন। কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা সখিপুরের মহানন্দা ও কীর্তন খোলায় গড়ে তোলেন দুর্ভেদ্য দূর্গ। একের পর এক আক্রমণের মুখে হানাদার সেনারা জেলার অন্যান্য স্থান থেকে পিছু হটে টাঙ্গাইল শহরে অবস্থান নিয়েছে। উত্তর ও দক্ষিণ টাঙ্গাইল সম্পূর্ণ মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে।
৮ ডিসেম্বর পাক দখলদার বাহিনী টাঙ্গাইল অঞ্চলে তাদের শক্তিবৃদ্ধির জন্য যমুনা নদীপথে অস্ত্র ও গোলাবারুদসহ সাতটি জাহাজ পাঠায়। কাদেরিয়া বাহিনী গোপনে এই খবর পেয়ে কমান্ডার হাবিবুর রহমানকে (প্রয়াত) জাহাজ ধ্বংস করতে মাইন হামলার দায়িত্ব দেয়। তার নেতৃত্বে মুক্তিযোদ্ধার মাটিকাটায় জাহাজে বিস্ফোরণ ঘটায়। দু'টি জাহাজে দু'রাত দু'দিন ধরে চলতে থাকে অনবরত বিস্ফোরণ। বাকী জাহাজগুলোর অস্ত্র আটক করে মুক্তিযোদ্ধারা। হাবিবুর এজন্য পরে 'জাহাজমারা হাবিব' নামে ব্যাপক পরিচিতি লাভ করেন।
মুক্তি বাহিনীর এই সফল আক্রমণ, গোলাবারুদ ধ্বংস এবং অস্ত্র হস্তগত করার ঘটনায় খান সেনারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। পরে নাটিয়াপাড়া, বল্লা, দেওপাড়া, গোড়াই, নথখোলা, ভুঞাপুর, করটিয়া, বাসাইল, চারান, নগরবাড়িসহ বিভিন্ন স্থানে ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধে বহু খানসেনাকে খতম ও আটক করা হয়। অনেকে আত্মসমর্পণ করে।
ওইদিনই টাঙ্গাইল শহরে পাকিস্তানি সেনাদের অবস্থানে সর্বাত্মক হামলার পরিকল্পনা করা হয়। পরিকল্পনা অনুযায়ী যোগাযোগ করা হয় অগ্রসরমান ভারতীয় মিত্র বাহিনীর সঙ্গে। উত্তর টাঙ্গাইলের পৌলি চাতিহাটি, ভূক্তা ও সিংগুরিয়া এলাকায় তিন হাজার ছত্রীসেনা (প্যারাট্রুপার) নামানো হয়। চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণ চালিয়ে ঘিরে ফেলা হয় টাঙ্গাইল।
১০ ডিসেম্বর রাতে দক্ষিণ টাঙ্গাইলের পোড়াবাড়ি থেকে শহরে প্রবেশ করেন কমান্ডার আবদুর রাজ্জাক ভোলা (মধুপুরের সাবেক সাংসদ ও আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক)।
১১ ডিসেম্বর সকালে কমান্ডার বায়েজিদ আলম (প্রয়াত) ও খন্দকার আনোয়ার হোসেন টাঙ্গাইল পৌঁছান। আসেন ব্রিগেডিয়ার ফজলুর রহমান (প্রয়াত)।
ওইদিনই হানাদার সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে মুক্ত হয় টাঙ্গাইল।
দিনটি স্মরণে মঙ্গলবার সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যানে পতাকা উত্তোলন করেন '৭১ এর কাদেরিয়া বাহিনী প্রধান বীর উত্তম কাদের সিদ্দিকী। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। বিকেলে শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে কাদেরিয়া বাহিনী।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এসকে/১৬৫৫ ঘ.
bdnews24