ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ছাদ ধসে পড়া র্যাংগস ভবনের বেসমেন্ট থেকে ৮ তলা পর্যন্ত খুঁটি দিয়ে ঠেকা দেয়ার কাজ পুনরায় শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে তিনটি ডেভলপার কোম্পানির সঙ্গে রাজউকের ৫০ জন শ্রমিক কাজ শুরু করেছে। রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, চারতলা পর্যন্ত বিচ্ছিন্নভাবে খুঁটি দিয়ে ঠেকা দেয়ার কাজ শেষ হয়েছে।"
তিনি জানান, আটতলা পর্যন্ত ঠেকা দেয়ার কাজ শেষ হলে বুয়েটের বিশেষজ্ঞ দলকে ডাকা হবে। এরপর উদ্ধারের কাজ শুরু হবে।
রাজউকের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সোমবার সকালে দুই নম্বর বেসমেন্টে (ভূগর্ভস্থ কক্ষ) খুঁটির সাহায্যে ঠেকা দেওয়ার কাজ শুরু হয়েছে। এরপর এক নম্বর বেসমেন্ট হয়ে ক্রমান্বয়ে ৮ তলা পর্যন্ত ঠেকা দেয়ার কাজ চলবে।
রাজউক কর্মকর্তা জানান, তিনটি ডেভলপার কোম্পানি এই ঠেকা দেয়ার কাজ করছে। ৮ তলা পর্যন্ত এ কাজ করতে আনুমানিক ২০ হাজার 'স্টিল প্রোপ' (বিশেষ ধরনের লোহার পাইপ) লাগবে। ৮ তলা পর্যন্ত ঠেকা দেয়ার কাজ শেষ হলে বুয়েটের বিশেষজ্ঞরা ভবনটি ঘুরে দেখবেন। তারা ভবনটিকে 'ঝুঁকিমুক্ত' ঘোষণা করার পরই মূল উদ্ধার কাজ শুরু হবে। দমকল বাহিনীর সদস্যরা এই উদ্ধার কাজ পরিচালনা করবে।
আদালতের নির্দেশে গত ৪ আগস্ট থেকে র্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। ২২ তলার মধ্যে ৫ তলা ভাঙার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এ অবস্থায় গত শনিবার রাতে ভবনটির ১৮ থেকে ৪ তলা পর্যন্ত প্রতিটি ছাদের মাঝেল অংশ ভেঙে ৩ তলায় নেমে আসে। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, আহত হয়েছেন অন্তত ৫০ জন নির্মাণ শ্রমিক। তবে দুর্ঘটনায় কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমএ/১৪১০ঘ.
bdnews24