চট্টগ্রাম, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কান্দিরপাড়া গ্রামে মঙ্গলবার ভোর রাতে আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দমকল বাহিনী প্রাথমিকভাবে জানিয়েছে।
আগ্রাবাদে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মী ফিরোজ খান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কান্দিরপাড়া গ্রামের পশ্চিম সুন্দরপুরের একটি বসত ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথম আগুন লাগে। পরে তা আশপাশের নয়টি ঘরে ছড়িয়ে পড়ে।
তিনি জানান, হাটহাজারী থেকে দমকল বাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ১০টি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে কেউ হতাহত না হলেও প্রায় ৮ লাখ টাকার মালামাল নষ্ট এবং ১৫ লাখ টাকা মূল্যমানের মামলামাল উদ্ধার করা হয়েছে বলে ফিরোজ খান জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২২১ ঘ.
bdnews24