ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- র্যাংগস ভবনে দুর্ঘটনার প্রভাব পড়েছে আশপাশের ব্যবসাকেন্দ্রেও। গত দুদিনে পাশের কলমীলতা কাঁচাবাজারে বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।
কলমীলতা কাঁচাবাজারের ফল বিক্রেতা মজিবর রহমান সোমবার জানান, প্রতিদিন গড়ে তার দোকানে চার হাজার টাকার ফল বিক্রি হয়। কিন্তু গত দুদিনে সব মিলিয়ে চার হাজার টাকার ফল বিক্রি করতে পারেননি তিনি।
বাজারের সবজি বিক্রেতা ইমন ও ইউসুফও জানান র্যাংগস ভবনে দুর্ঘটনার পর তাদের বিক্রি প্রায় অর্ধেকে নেমে এসেছে। আতঙ্কের কারণে ক্রেতারা সেভাবে আর এ বাজারে আসছেন না।
বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, শনিবার রাতে র্যাংগস ভবনে ধসের পর ওই এলাকায় পুলিশ, দমকল বাহিনী, রাজউকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন আসছে। তাদের যানবাহনে সারাক্ষণ পরিপূর্ণ থাকে পুরো এলাকা। বাজারে সাধারণ ক্রেতাদের না আসার এটিও একটি বড় কারণ।
ব্যবসায়ীদের কেউ কেউ আবার বলেন, র্যাংগস ভবন খালি করার পর থেকেই কলমী লতা বাজারে ক্রেতা কমে গেছে। কারণ, ওই ভবনের প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কর্মকর্তা-কর্মচারির বেশিরভাগ আগে এখান থেকে বাজার সারতেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/২২২৩ ঙ.
bdnews24