ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোরবানির ঈদে ঘরমুখো যাত্রীর চাপ সামলাতে অতিরিক্ত লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া, বিশেষ ফেরিরও ব্যবস্থা করা হবে।
সোমবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
সভায় লঞ্চের ছাদে যাত্রী পরিবহন না করা, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন ও উপযুক্ত মাস্টার দিয়ে লঞ্চ চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
আন্তঃমন্ত্রণালয় সভায় ঢাকাসহ দেশের সব নৌবন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইন অনুসারে ব্যবস্থা নেওয়ার জন্য বিআইডব্লিওটিসি ও সমুদ্র পরিবহন অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সড়ক যানজটমুক্ত রাখা, যাত্রীদের কাছ থেকে বেশি টাকা আদায় ও টিকেট কালোবাজারি প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাওয়া হয়েছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব শেখ এনায়েত উল্লাহর সভাপতিত্বে সভায় বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, যোগযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, লঞ্চমালিক সমিতির সভাপতি, নৌ-যান শ্রমিক ফেডারেশনসহ সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/ এমএ/২০০৭ঘ.
bdnews24