ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পরিত্যক্ত দেখিয়ে তিনটি গ্যাসক্ষেত্র নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা দুটির তদন্ত প্রতিবেদন আগামী ১০ জানুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার দুুপুর সাড়ে তিনটায় ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী তদন্ত কর্মকর্তাকে এ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
নাইকোকে বিশেষ সুবিধা দিয়ে রাষ্ট্রের সাড়ে ২৩ হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতির অভিযোগে রোববার তেজগাঁও থানায় এ মামলা দুটি দায়ের করা হয়। শনিবার দুদক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী মামলা দুটির এজাহার অনুমোদন করেন। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম এবং শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক এমএম শাব্বির হাসান। দুটি মামলাতেই নাইকোর স্থানীয় কর্মকর্তা কাশেম শরীফকে আসামি করা হয়েছে।
তবে মামলা দুটিতে কারাগারে অন্তরীণ শেখ হাসিনা, খালেদা জিয়া, ব্যারিস্টার মওদুদ আহমদ, এ কে এম মোশাররফ হোসেন ও অধ্যাপক রফিকুল ইসলামসহ কাউকেই এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।
দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুস সালাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার আসামি যারা অন্য মামলায় আটক রয়েছেন তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন এখনো এ দুই মামলার তদন্ত কর্মকর্তা করেননি।
এদিকে, বুসন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম, তার স্ত্রী ও চার ছেলের বিরুদ্ধে অবৈধভাবে ৫৮৫ কোটি ৫৫ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায়ও একই আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ জানুয়ারি তারিখ ধার্য করেছে।
এই তিন মামলারই এজাহার দুপুর তিনটায় ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুদকের প্রসিকিউটিং অফিসে পাঠানোর পর মামলা দুটি উপস্থাপন করা হয়। উপস্থাপন করেন দুদকের প্রসিকিউটিং কর্মকর্তা আব্দুর রশিদ।
শেখ হাসিনাকে প্রধান আসামি করে দায়ের করা মামলায় বলা হয়েছে, ২০০১ তিনি নাইকো চুক্তি অনুমোদন করেন এবং এ কারণে ১৩ হাজার ৬৩০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওই বছরই খালেদা জিয়া দ্বিতীয়বার ক্ষমতায় এসে বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে নাইকোর পক্ষেই অবস্থান দেন
bdnews24