২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজুক অবস্থার কারণে র‌্যাংগস ভবনে উদ্ধার প্রচেষ্টা এগোচ্ছে না

হঠাৎ ভেঙে পড়া র‌্যাংগস ভবনে অতি নাজুক অবস্থার কারণে উদ্ধার প্রচেষ্টা বিলম্বে শুরু হলেও বারবার ব্যাহত হচ্ছে। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 06:39 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--হঠাৎ ভেঙে পড়া র‌্যাংগস ভবনে অতি নাজুক অবস্থার কারণে উদ্ধার প্রচেষ্টা বিলম্বে শুরু হলেও বারবার ব্যাহত হচ্ছে। সোমবার দুপুর পৌনে একটার দিকে দ্বিতীয় দফায় নতুন শ্রমিক দল দিয়ে আবার উদ্ধার কাজ শুরু করেছে রাজউক। এদিকে নিরাপদে বেরিয়ে আসা একজন শ্রমিক বলেছেন, তার সঙ্গের অন্তত ১০ জন নিখোঁজ রয়েছেন। তারা সবাই ভেতরে আটকা পড়েছেন বলে মনে করছেন তিনি। (আরও তথ্যসহ-১) এর আগে সোমবার সকাল ১১টায় রাজউক উদ্ধার কাজ শুরু করলেও বেসমেন্টের একটি অংশ ধসে পড়ে। এতে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজ বন্ধ করে দিয়ে চলে যায়। এর আগে রাজউকের নির্বাহী প্রকৌশলী মনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে বলেন, উদ্ধার কাজ শুরু করতে হলে প্রথমে বেসমেন্ট (ভূগর্ভস্থ কক্ষ) থেকে ঠেকনা দেওয়ার কাজ শুরু করতে হবে। প্রত্যেক তলায় ঠেকনা দিয়ে এরপর উদ্ধার কাজ চালাতে হবে। কিন্তু সাড়ে ১১টার দিকে বেসমেন্টের একটি অংশ ধ্বসে পড়ে। শ্রমিকরা আতংকিত হয়ে কাজ বন্ধ করে দিয়েছে।" দুর্ঘটনায় আহত শ্রমিক আবেগআপ্লুত আতিয়ার হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "রিপন মাঝি ঠিকাদারের তত্ত্বাবধানে আমরা ১৭ জন বিল্ডিং ভাঙার কাজ করছিলাম। আমরা প্রত্যেকেই ফরিদপুরের। দুর্ঘটনার পর আমরা সাত জন বের হয়ে আসি। কিন্তু বাকি ১০ জনের কোন খোঁজ পাইনি।" আতিয়ার জানান, তার পরিচিত ওই ১০ নিখোঁজ হচ্ছে: জিল্লুর, ফরিদ শেখ, ফরিদ, টাইজার, দেলু, জাহিদ, রুহুল, দাউদ, মান্নান, রহিম। এর মধ্যে ফরিদপুর থেকে ফরিদ শেখের চাচা জাহাঙ্গীর খুঁজতে এসেছেন তাকে। তিনি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ফরিদ শেখের পা ঝুলে থাকতে দেখেছি। ওর পায়ের কাটা চিহ্ন দেখেই ওকে চিনতে পেরেছি।" জাহাঙ্গীর জানান, দেড় মাস আগে ফরিদ কাজের জন্য ঢাকায় আসে। শনিবার রাতে ছাদের একটি বড় অংশ ধসে পড়া র‌্যাংগস ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রোববার থেকেই উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রোববার উদ্ধার কাজ বন্ধ রাখা হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং তেজগাঁও থানা জানায়, ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে ৩টি লাশ রয়েছে। এর আগে সোমবার সকালে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রশিক্ষক দেবাশীষ বর্ধন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্মাণকাজে অভিজ্ঞ ডেভেলপার কোম্পানির সহায়তায় উদ্ধার কাজ শুরু করা হবে। তিনি জানান, একেকটি তলায় ঠেকনা দিয়ে খুব সাবধানে উদ্ধার কাজ চালানো হবে। তা না হলে হঠাৎ করে ছাদ ধসে আরও মৃত্যুর আশংকা রয়েছে। শনিবার রাতে র‌্যাংগস ভবনের ১৮ তলার ছাদের একটি অংশ ধসে পড়ে ৩ তলা পর্যন্ত নেমে আসে। এর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ৩ আগস্ট সুপ্রিম কোর্ট বিতর্কিত র‌্যাংগস ভবনের ৬ তলা রেখে বাকি অবৈধ ১৬ তলা ভেঙে ফেলার নির্দেশ দেয়। তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে বিমান উড্ডয়নে ঝুঁকি থাকায় ওই এলাকায় ৬ তলার বেশি উঁচু ভবন নির্মাণ নিষিদ্ধ। ৪ আগস্ট ভোর থেকে র‌্যাংগস ভবন ভাঙার কাজ শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এসকে/১৩২৯ঘ.