২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ক্যাম্পের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সোমবার সকালে প্রথম সার্ক যুব ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংহতি জোরদার এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পের যাত্রা শুরু হলো ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2007, 05:58 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ সোমবার সকালে প্রথম সার্ক যুব ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ থেকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংহতি জোরদার এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পের যাত্রা শুরু হলো । সকাল ১০টা ৪০ মিনিটে সাভারে জাতীয় যুব কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ড. ফখরুদ্দীন আহমদ এ উদ্বোধন ঘোষণা করেন। চার দিনব্যাপী 'সার্ক যুব ক্যাম্প ২০০৭' চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। 'কানেকটিং সাউথ এশিয়ান ইয়ুথ' শ্লোগান নিয়ে অনুষ্ঠেয় এ ক্যাম্পে বাংলাদেশ ছাড়া সার্কভুক্ত অন্য দেশগুলোর মধ্যে ভারতের ১৩ জন, ভুটানের ১১ জন, পাকিস্তানের ছয়জন, মালদ্বীপের চারজন, শ্রীলংকার তিনজন এবং নেপালের দুইজন অংশ নিয়েছেন। এ ছাড়া স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ৪২ জন যুবক এবং ৩৫ জন যুবমহিলা। দুই দশক আগে সার্ক সম্মেলনও বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হয়েছিল। সকাল ১০টা ১০মিনিটে কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব ড. গোলাম মোস্তফা তালুকদার। এ ছাড়া দুইজন যুব প্রতিনিধিও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী ও যুব ক্যাম্পের চেয়ারম্যান যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এসকে/১১৫৩ ঘ.