ঢাকা, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সাভারের জাতীয় যুব কেন্দ্রে সোমবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী সার্ক যুব ক্যাম্প ২০০৭। সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
রোববার যুব ও ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এ সময় যুব ও ক্রীড়া সচিব ড. গোলাম মোস্তফা তালুকদার, যুগ্ম-সচিব মুশফিকুর রহমান এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ইসমাঈল হোসেন উপস্থিত ছিলেন।
তপন চৌধুরী সাংবাদিকদের বলেন, "কানেকটিং সাউথ এশিয়ান ইয়ুথ" শ্লোগান নিয়ে অনুষ্ঠেয় এ ক্যাম্পে বাংলাদেশ ছাড়া সার্কভুক্ত অন্য দেশগুলো থেকে গড়ে ১০ জন করে মোট ৭০ জন প্রতিনিধি অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় আফগানিস্তানের প্রতিনিধিরা অংশ নিতে পারছেন না।
যারা অংশ নেবেন তাদের মধ্যে আছেন- ভারতের ১৩ জন, ভুটানের ১১ জন, পাকিস্তানের ছয়জন, মালদ্বীপের চারজন, শ্রীলংকার তিনজন এবং নেপালের দুইজন।
এছাড়া স্বাগতিক দেশ হিসেবে ৮০ জন অংশ নেওয়ার কথা থাকলেও বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৪২ জন যুবক এবং ৩৫ জন যুবমহিলা।
উপদেষ্টা আরও বলেন, সার্কভুক্ত দেশগুলোর ১৬ থেকে ২২ বছর বয়সী যুবক ও যুব মহিলারা এ ক্যাম্পে অংশ নিচ্ছেন। দক্ষিণ এশিয়ার ১৫০ কোটি মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, আঞ্চলিক সংহতি জোরদার, সাম্য, সমতা এবং পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে প্রথবাবের মতো এ সার্ক যুব ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
দুই দশক আগে সার্ক সম্মেলনও বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/ডিডি/এমএইচবি/০১৫০ ঘ.
bdnews24