২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে দুদল বনদস্যুর সংঘর্ষে ১২ জন নিহত

সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের শেষ সীমানায় সমুদ্র উপকূলের কালিরচরে দুদল বনদস্যুর সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাসুদ বাহিনীর সঙ্গে মোতালেব বাহিনীর বন্দুক যুদ্ধ হয় বলে প্রত্যক্ষদর্শী জেলেরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 03:37 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

খুলনা, ডিসেম্বর ০৯ (বিডি নিউজ)- সুন্দরবনের খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের শেষ সীমানায় সমুদ্র উপকূলের কালিরচরে দুদল বনদস্যুর সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাসুদ বাহিনীর সঙ্গে মোতালেব বাহিনীর বন্দুক যুদ্ধ হয় বলে প্রত্যক্ষদর্শী জেলেরা জানিয়েছেন। চর থেকে ফিরে আসা জেলেরা জানান, তারা চরে ও নদীতে লাশ ভাসতে দেখেছেন। তারা আরও জানান, সংঘর্ষে মোতালেব বাহিনীর প্রধান মোতালেব ও তার ১১ সঙ্গী নিহত হয়েছে বলে মাসুদ বাহিনী দাবি করেছে। খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও-পশ্চিম) মোঃ মোজাহারুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বনদস্যু মোতালেবসহ কয়েকজন নিহত হওয়ার কথা শুনেছি। আমি ঢাকায় রয়েছি। বিস্তারিত কিছু জানি না।" বন সংরক্ষক (সিএফ) অমলেন্দু সাহা বলেন, "শুনেছি কয়েকজন বনদস্যু মারা গেছে। খোঁজ খবর নেয়ার জন্য কয়েকজন বনরক্ষীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই।" প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, কালিরচরে মোতালেব বাহিনীর সঙ্গে গত শুক্রবার গভীর রাত থেকে আরেক বনদস্যু মাসুদ বাহিনীর প্রচণ্ড বন্দুক যুদ্ধ শুরু হয়। সারারাত উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলে। শনিবার সকাল ৮ টার দিকে সংঘর্ষ থেমে যায়। তারা জানান, সংঘর্ষ শেষে মাসুদ বাহিনীর প্রধান (ডাকবাংলা মাসুদ) মাসুদ জেলেদের ডেকে বলেছেন 'আজ (শনিবার) থেকে মোতালেব বাহিনী শেষ। এখন থেকে আমাদের চাঁদা দিয়ে মাছ ধরতে হবে। যারা চাঁদা দেবে না তাদের হত্যা করা হবে'। চর থেকে ফিরে আসা জেলে সাহেব আলী জানান, সংঘর্ষের পর তারা মোতালেবসহ তার চার সঙ্গীর লাশ চরে এবং বাকীদের জঙ্গলের পাশে দেখতে পান। তাদের সবাই গুলিবিদ্ধ ছিল। মাসুদ বাহিনীর লোকজন প্রচুর অস্ত্র ও গোলাবারুদ নিয়ে উল্লাস করতে করতে গভীর জঙ্গলের দিকে ট্রলার যোগে চলে যায় বলে কয়রার পাথরখালীর জেলে সাহেব আলী ও মইজুদ্দিন সাংবাদিকদের জানান। তারা বলেন, এখনও কেউ মোতালেব ও তার সঙ্গীদের লাশ চর থেকে সরিয়ে নেয়নি। তারা আরও জানান, এক দশক ধরে মোতালেব বাহিনী সুন্দরবনে ত্রাসের রাজত্ব কায়েম করে একছত্র আধিপত্য বিস্তার করেছিল। সুন্দরবনের বাওয়ালী, মৌয়াল ও জেলেদের কাছ থেকে নৌকা প্রতি চাঁদা আদায় করত তারা। সুন্দরবনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এর আগে আক্কাস বাহিনী, মোজাম বাহিনী, আকরাম বাহিনী ও রফিক বাহিনী নামের কয়েকটি বনদস্যুদল কয়েকবার মোতালেব বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় বলেও তারা জানিয়েছেন। এ ব্যাপারে কয়রা থানায় যোগাযোগ করা হলে তারা কোন খবর পাননি বলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা জানান। আমাদের সাতক্ষীরা প্রতিনিধি জানান, সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা রাজেশ চাকমা বলেছেন দুদল বনদস্যুর মধ্যে বন্দুক যুদ্ধে মোতালেবসহ ১২ জন নিহত হওয়ার খবর তিনিও শুনেছেন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি। মোতালেব বাহিনীর প্রধান মোতালেব ছিলেন খুলনার খালিশপুরের আরিফুল আলম আক্কাস বাহিনীর সেকেন্ড ইন কমাণ্ড। ২০০৪ সালে যৌথ বাহিনীর হাতে মোতালেব গ্রেপ্তার হন। তার স্বীকারোক্তি অনুযায়ী যৌথ বাহিনী মোতালেবের সহায়তায় সুন্দরবনের গহীন থেকে ১৮টি বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। পরে তিনি জামিনে ছাড়া পান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৩ ঘ.